সপ্তমীতে কলকাতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, বেলুড় মঠে পুজো দিলেন
সপ্তমীর সকালে কলকাতায় এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বেলুড় মঠে পুজো দিলেন তিনি। কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখতে যাওয়ার কথাও রয়েছে তাঁর।
বাংলায় দুর্গাপুজো উৎসব শুরু হয়ে গিয়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে জুনিয়র ও সিনিয়র সরকারি চিকিৎসকদের আন্দোলন। লালবাজারের বাইরে রাস্তায় অবস্থান করছেন আন্দোলনকারীদের একটা অংশ। কলকাতার উৎসবে মিশে গিয়েছে প্রতিবাদের সুর। সেই উৎসব উপলক্ষেই সপ্তমীর সকালে কলকাতায় হাজির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রসাদ নাড্ডা।

এর আগেও পুজোর সময় কলকাতায় এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই বছরও তিনি কলকাতায় এলেন৷ সকালে তিনি কলকাতা বিমান বন্দরে নামেন। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও অন্যান্য নেতৃত্ব। উপস্থিত ছিলেন রাহুল সিনহা, অগ্নিমিত্রা পল সহ অন্যান্যরা।
বিমান বন্দর থেকে তিনি পৌঁছে যান বেলুড় মঠে। সেখানে মহা সপ্তমী উপলক্ষ্যে পুজোর আয়োজন হয়। বেলুড় মঠে পুজো দিলেন জেপি নাড্ডা। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
জেপি নাড্ডার এক পাশে ছিলেন সুকান্ত মজুমদার। অন্য পাশে দেখতে পাওয়া যায় শুভেন্দু অধিকারীকে। রাহুল সিনহা, অগ্নিমিত্রা পল সহ অন্যান্য বিজেপি নেতারাও উপস্থিত ছিলেন সেখানে।
বেলুড় মঠের তরফ থেকে প্রসাদী ফুল এবং মায়ের কাপড় উপহার হিসেবে তুলে দেওয়া হয়। বেশ কিছু সময় অতিবাহিত করেন জেপি নাড্ডা। মঠ থেকে তাঁর পরবর্তী গন্তব্যে রওনা হন। মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপেও জেপি নাড্ডার যাওয়ার কথা। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো হিসেবে এটি পরিচিত৷
গতবার দুর্গাপুজোয় রাম মন্দির আদলে মণ্ডপ তৈরি করা হয়েছিল। সেই পুজো মণ্ডপের উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে বিজেপির অন্যান্য নেতারাও সেই পুজো দেখতে গিয়েছিলেন। এবার আমেরিকার লাস ভেগাসের আদলে এই পুজো মণ্ডল তৈরি করা হয়েছে। সেখানে জেপি নাড্ডার যাওয়ার কথা রয়েছে।












Click it and Unblock the Notifications