BGBS 2023: বইতে হচ্ছে বাম শাসনের লিগ্যাসি! বাংলা এখন ইকোনমিক পাওয়ার হাউস, বাণিজ্য সম্মেলনে বললেন মমতা
Bengal Global Business Summit 2023: সপ্তম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বাংলার বর্তমান অবস্থা তুলে ধরতে গিয়ে বাম শাসনের লিগ্যাসির কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বাংলা এখন ইকোনমিক পাওয়ার হাউস। তিনি বাংলাকে নিয়ে বিরোধীদের সমালোচনাকেও নিশানা করেন সপ্তম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে।
মুখ্যমন্ত্রী রাজ্যের সাফল্যের কথা বলতে গিয়ে সপ্তম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ৩৫ টির বেশি দেশের অংশগ্রহণের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ১৭টির বেশি দেশ বাংলার সঙ্গে পার্টনার শিপে অংশ নিয়েছে। বাংলা এখন স্টিল ও সিমেন্ট শিল্পের হাব বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।

বিভিন্ন ক্ষেত্রে বাংলা এগিয়ে, এই পরিস্থিতি তুলে ধরতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সোশ্যাল সেক্টর সার্ভিসে শীর্ষে বাংলা। বাংলা শীর্ষে রয়েছে ছোট ও মাঝারি শিল্পেও। সড়ক ও জলপথে বাংলার বিপুল সম্ভাবনা রয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী সপ্তম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বলেন, তাঁকে ৩৪ বছরের বাম শাসনের লিগ্যাসি বইতে হচ্ছে। যে কারণে তিনি এবং তাঁর সরকার ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করেছে। সেই ল্যান্ড ব্যাঙ্ক থেকেই শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় জমি দেওয়া হয়। বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি দাবি করেন, রাজ্যে বাম শাসনের সময় মাদার টেরিজা অনুরোধে মিশনারিজ অফ চ্যারিটির জমি দখল মুক্ত করে দিয়েছিলেন। মাদার তাঁর কাছে তৎকালীন শাসকদলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছিলেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মেলনের মঞ্চ থেকে বিরোধীদের সমালোচনার জবাব দেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, অনেকেই বলেন, বাংলা হিংসায় দীর্ণ। মুখ্যমন্ত্রী বিরোধীদের সমালোচনার জবাব দিতে গিয়ে বলেন, বাংলা যদি হিংসায় দীর্ণ হবে, তাহলে এত হোটেল গড়ে উঠছে কীভাবে।
মুখ্যমন্ত্রী বলেন, তাজপুরে সমুদ্র বন্দরের পরিকাঠামো তৈরি। যে কেউ এর টেন্ডারে অংশ নিতে পারেন। উত্তরবঙ্গের চা বাগানে পর্যটন কেন্দ্র গড়ে ওঠার সম্ভাবনার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন পর্যটনে রাজ্যে বিপুল সম্ভাবনা রয়েছে।
মুখ্যমন্ত্রী কথায় উঠে এসেছে বানতলায় চর্মনগরীর কথাও। সেখানেও বিপুল বিনিয়োগ হয়েছে। মুখ্যমন্ত্রী তাঁর ভাষণের শেষের দিকে নিজের একশোর ওপর বই বেরনোর কথা জানান। তিনি বলেন, আঁকা ছাড়াও তাঁর করে দেওয়া সুরে শিল্পীরা গানও করেন।












Click it and Unblock the Notifications