অজ্ঞাত পরিচয় হামলাবাজদের গুলি! পাকিস্তানের করাচিতে গুলিতে মৃত মাসুদ আজহার ঘনিষ্ঠ
পাকিস্তানে সন্ত্রাসবাদী ঘটনা ঘটেই চলেছে। সর্বশেষ ঘটনাটি রবিবারে। করাচিতে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজরা জৈশ-ই-মহম্মদ সন্ত্রাসবাদী মৌলনা রহিমুল্লা তারিককে গুলি করে মারে। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভারত বিরোধী সমাবেশে অংশ নিতে যাওয়ার সময় তাকে হত্যা করা হয়। মৌলনা রহিমুল্লা তারিক জৈশ প্রধান মৌলনা মাসুদ আজহারের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।
পাকিস্তান থেকে প্রকাশিত সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মৌলনা রহিমুল্লা তারিক পাকিস্তানের একজন বিখ্যাত মৌলনা। তার কথা শুনতে হাজার হাজার মানুষ জড়ো হতে। তবে মৌলনা রহিমুল্লা তারিকের বিরুদ্ধে ধর্মের আড়ালে সন্ত্রাসবাদী বাহিনী তৈরির গুরুতর অভিযোগ রয়েছে।

পুলিশ কর্মীদের উদ্ধৃত করে স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, এই ঘটনা টার্গেট কিলিং হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, মৌলনা তারিক করাচির ওরাঙ্গি টাউনে আয়োজিত একটি সভায় যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময় তাকে গুলি করে অজ্ঞাত পরিচয় হামলাকারীরা।
স্থানীয় পুলিশের তরফে বলা হয়েছে, হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এব্যাপারে সিসিটিভি চেক করা হচ্ছে। তবে পুলিশ এখনও পর্যন্ত কিছুই খুঁজে পায়নি। উল্লেখ করা প্রয়োজন সাম্প্রতিক সময়ে পাকিস্তানে অনেক সন্ত্রাসবাদী এই ধরনের অজ্ঞাত পরিচয় হামলাকারীদের গুলিতে মারা পড়েছে।
খাইবার পাখতুনখোয়ায় লস্কর-ই তৈবার সন্ত্রাসবাদী আকরম খান ওরফে আকরম গাজিকে গুলি করে হত্যা করা হয়। আকরমের হত্যা আইএসআই-এর পাশাপাশি লস্কর প্রধান হাফিজ সইদের জন্য বড় ধাক্কা বলেই মনে করা হয়।
পাকিস্তানে একের পর এক সন্ত্রাসবাদীর এই ধরনের মৃত্যুতে সন্ত্রাসবাদীদের মধ্যেই আতঙ্ক তৈরি হয়েছে। গত মাসে পাকিস্তানে ভারতে অন্যতম মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী শহিদ লাতিফ মারা যায়। শিয়ালকোটে আততায়ীদের হামলায় মারা যায় সে। ২০১৬-তে পাঠানকোট এয়ারফোর্স স্টেশনে হামলার মূল পরিকল্পনাকারী ছিল এই লতিফ।












Click it and Unblock the Notifications