কপিরাইট, পেটেন্ট, রয়্যালটি মুক্ত যোগব্যায়াম, জাতিসঙ্ঘে বার্তা নরেন্দ্র মোদীর
জাতিসঙ্ঘের সদর দফতরে যোগাসন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার আন্তর্জাতিক যোগ দিবসে ইতিহাস সৃষ্টি হল জাতিসঙ্ঘে। এই ঘটনা আক্ষরিক অর্থেই ভারতের মুকুটে অনন্য পালক হয়ে প্রতিভাত হল। এদিন জাতিসঙ্ঘে যোগব্যায়াম করে প্রধানমন্ত্রী বার্তা দিলেন, কপিরাইট, পেটেন্ট, রয়্যালিটি মুক্ত যোগব্যায়ামের।
বুধবার জাতিসঙ্ঘে নবম বার্ষিক আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে অভূতপূর্ব যোগ অধিবেশনে নেতৃত্ব দেন। সেখানেই তিনি বলেন, যোগা কোনো একটি দেশ, ধর্ম বা জাতির নয়। যোগা কপিরাইট, পেটেন্ট ও রয়্যালটি মুক্ত এক পরিশুদ্ধ প্রক্রিয়া। যোগা সমস্ত বয়স, লিঙ্গের ফিটনেস রক্ষায় উপযোগী। যোগব্যায়াম হল সর্বজনীন।

জাতিসঙ্ঘে এদিন যোগা ইভেন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিতি ছিলেন, সাদা টি-শার্ট ও ট্রাউজার পরে। এদিনের অধিবেশনে জাতিসংঘের শীর্ষ কর্তা, কূটনীতিক এবং বিশ্বের বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণ করতে দেখা যায়। ১৮০টিরও বেশি দেশের অংশগ্রহণকারীরা এই ইভেন্টে প্রতিনিধিত্ব করেন।
জাতিসংঘ সদর দফতরে যোগা সেশনটি অনুষ্ঠিত হয়েছিল স্থানীয় সময় সকাল ৮টা থেকে ৯টা পর্য্ন্ত। গত ডিসেম্বরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারত থেকে জাতিসঙ্ঘকে উপহার দেওয়া মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়। প্রধানমন্ত্রী মোদী মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করে যোগা ইভেন্টের নেতৃত্ব দান করেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "আমি আপনাদের সবাইকে দেখে আনন্দিত। এই যোগা ইভেন্টে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানা্চছি। আজ এখানে প্রায় প্রতিটি দেশের প্রতিনিধি রয়েছে, প্রতিটি জাতির প্রতিনিধি রয়েছে। যোগ মানে একত্রিত হওয়া। আমরা আজ একত্রিত হয়েছি। এটি যোগের এক অন্য রূপের অভিব্যক্তি।"
এদিন জাতিসঙ্ঘে শত শত হলুদ যোগ ম্যাট মাটিতে পাতা হয়েছিল। সেখানে যোগ উৎসাহী মানুষেরা যোগাভ্যাস করেন। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য এদিন প্রদর্শিত হয় জাতিসঙ্ঘে। লনে এলইডি স্ক্রিন স্থাপন করে তা ভিডিও করে দেখানো হয়। এদিন যোগা নিয়ে উৎসাহ ছিল চরমে।

এই যোগা অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সভাপতি সাবা করোসি, হলিউড অভিনেতা রিচার্ড গেরে, নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এবং জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মহম্মদ প্রমুখ।
এ বছরের আন্তর্জাতিক যোগ দিবসের বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ এটি জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চ থেকে নয় বছর আগে প্রধানমন্ত্রী কর্তৃক উপস্থাপিত একটি রূপকল্পের বাস্তবায়ন হিসাবে দেখা হয়েছিল। তিনি আন্তর্জাতিক যোগ দিবসকে একটি বার্ষিক উদযাপন হিসাবে চিহ্নিত করার প্রস্তাব দিয়েছিলেন।












Click it and Unblock the Notifications