ভিসা পরিষেবা পুনরায় চালুর পথে ভারত, তারেক সরকারের আমলে ঢাকায় কূটনৈতিক উষ্ণতার নতুন সূচনা
বাংলাদেশে নতুন সরকারের শপথের পর ভারত ও বাংলাদেশ সম্পর্ক আবারও নতুন মাত্রা পেতে চলেছে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব নেওয়ার পরই নয়াদিল্লি ঢাকায় ভিসা পরিষেবা পুরোপুরি পুনরায় চালুর পথে এগোচ্ছে বলে কূটনৈতিক সূত্রে ইঙ্গিত মিলেছে।
সিলেটে ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ দাস স্থানীয় প্রেস ক্লাবে জানান, বর্তমানে মেডিক্যাল ও ডাবল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে। পাশাপাশি পর্যটন সহ অন্যান্য সমস্ত ধরনের ভিসা পরিষেবা দ্রুত স্বাভাবিক করার প্রক্রিয়াও জোরকদমে চলছে। তাঁর কথায়, দুই দেশের নাগরিকদের স্বার্থেই এই পরিষেবা সম্পূর্ণ পুনরুদ্ধার জরুরি।

সিলেটে ভারতের সহকারী হাইকমিশনারও দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে ভিসা ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ সেতু হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, পারস্পরিক সম্মান ও সমমর্যাদার ভিত্তিতেই ভারত ও বাংলাদেশ সম্পর্ক গড়ে উঠেছে, এবং জনগণের সক্রিয় অংশগ্রহণই দীর্ঘমেয়াদি ইতিবাচক অংশীদারিত্ব নিশ্চিত করতে পারে।
উল্লেখ্য, ছাত্রনেতা শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কিছু প্রতিবাদে ভারতবিরোধী সুর শোনা যাওয়ায় নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতীয় ভিসা কেন্দ্রগুলো সাময়িকভাবে পরিষেবা স্থগিত করেছিল। সেই প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়।
তবে নতুন সরকারের আগমনের পর কূটনৈতিক তৎপরতা বাড়ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ নেওয়ার পরপরই তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এই বার্তা ঢাকায় পৌঁছে দেন লোকসভার স্পিকার ওম বিড়লা, যিনি শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ সফরে গিয়েছিলেন। তাঁর হাতেই মোদীর স্বাক্ষরিত চিঠি নতুন প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে যায়।
চিঠিতে পারস্পরিক সুবিধাজনক সময়ে নয়াদিল্লি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণও জানানো হয়েছে। কূটনৈতিক মহলের মতে, এই পদক্ষেপ দুই প্রতিবেশী দেশের মধ্যে আস্থার সেতুবন্ধন পুনর্গঠনের স্পষ্ট বার্তা বহন করছে।
ভিসা পরিষেবা পুনরায় চালুর উদ্যোগ ও উচ্চপর্যায়ের আমন্ত্রণ বিনিময় ইঙ্গিত দিচ্ছে দক্ষিণ এশিয়ার এই দুই গুরুত্বপূর্ণ দেশের সম্পর্ক আবারও গঠনমূলক ও ইতিবাচক পথে এগোতে চলেছে।












Click it and Unblock the Notifications