ভালোই রয়েছেন পুতিন, রুশ প্রেসিডেন্টের অসুস্থতার গুজব উড়িয়ে দিলেন সিআইএ প্রধান
ভালোই রয়েছেন পুতিন, রুশ প্রেসিডেন্টের অসুস্থতার গুজব উড়িয়ে দিলেন সিআইএ প্রধান
ইউক্রেনে সামরিক অভিযানের পর থেকে বিতর্কের শিরোনামে উঠে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিতর্কের পাশাপাশি রুশ প্রেসিডেন্টের সম্পর্কে একাধিক তথ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে জায়গা করে নিয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কঠিন রোগে আক্রান্ত বলে গত কয়েক মাসে একাধিক সংস্থা জানিয়েছে। সমস্তটাই গুজব বলে উড়িয়ে দিল মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ। মার্কিন গুপ্তচর সংস্থার প্রধান উইলিয়াম বার্নস জানিয়েছেন, পুতিন একদম সুস্থ রয়েছেন। তবে এত বছর পর্যবেক্ষণ করার পরেও পুতিনের পরবর্তী সিদ্ধান্ত আগাম আন্দাজ করা কঠিন।

শারীরিকভাবে সুস্থ রয়েছেন পুতিন
একটি সাক্ষাৎকারে সিআইএ-এর প্রধান উইলিয়াম বার্নস জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট একদম সুস্থ আছেন। তাঁর শারীরিক অসুস্থতা নিয়ে শুধুমাত্র গুজব রটেছে। জুন মাসে গুজব রটে ভ্লাদিমির পুতিনের শারীরিক অবস্থা ভালো নয়। বার্নস জানিয়েছেন, 'পুতিনের শারীরিক অসুস্থতা নিয়ে অতিরঞ্জিত করা হয়েছে। আমাদের কাছে যা খবর রয়েছে, পুতিন সম্পূর্ণ সুস্থ রয়েছেন।' ইউক্রেনে সামরিক অভিযানের পরেই পুতিনের শারীরিক অসুস্থতার গুজব রাশিয়ার কোনও কৌশল কি না, এই প্রসঙ্গে বার্নস বলেন, পুতিন ইউক্রেন হামলার কথা একবারও অস্বীকার করেননি।

পুতিনের পরবর্তী পদক্ষেপ অনুমান করা কঠিন
সাক্ষাৎকারে সিআইএ প্রধান উইলিয়াম বার্নস জানিয়েছেন, 'প্রায় দুই দশক ধরে ভ্লাদিমির পুতিন রাশিয়ার ক্ষমতায় রয়েছেন। এতদিন ধরে পর্যবেক্ষণ করার পরেও পুতিনের পরবর্তী পদক্ষেপ আমরা এখনও অনুমান করতে পারি না।' পাশাপাশি তিনি বলেন, আগে পুতিন নিজের উপদেষ্টাদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে একের পর এক সিদ্ধান্ত নিতেন। এর আগে অন্য একটি সাক্ষাৎকারে বার্নস বলেছিলেন, পুতিনের ইউক্রেনের যুদ্ধ একটি ভুল সিদ্ধান্ত। অতিরিক্ত আত্মবিশ্বাস ও ভুল তথ্যের ওপর ভিত্তি করে ইউক্রেন অভিযান চালিয়েছেন তিনি। ইউক্রেন অভিযান রাশিয়ার হিতে বিপরীত হয়েছে। বিশ্বে অনেকটাই একঘরে হয়ে গিয়েছে। সিআইএ প্রধান জানিয়েছেন, রাশিয়ার রাষ্ট্রপ্রধান খুব ভালো করেই জানেন, ইউক্রেনে কী নৃশংসভাবে হামলা চালানো হয়েছে। এই দায় তিনি কোনওভাবেই অস্বীকার করতে পারবেন না। তিনি মনে করছেন, ইউক্রেনের অধিকার নিতেই পুতিন হামলাা করেছিল।

একাধিক নিষেধাজ্ঞার মুখে পুতিন
ইউক্রেনে বিশেষ অভিযানে রাশিয়ার ওপর ক্রমেই চাপ বাড়াতে শুরু করেছে পশ্চিমি দেশগুলো। ইউরোপের একাধিক দেশের পাশপাশি কানাডা, আমেরিকার নিষেধাজ্ঞার মুখে পড়েছে ক্রেমলিন। রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির বিষয়ে একাধিক দেশ নিষেধাজ্ঞা জারি করেছে। জি-২০ সম্মেলনে রাশিয়া থেকে সোনা আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। রাশিয়া সোনা রফতানি করে ব্যাপক লাভবান হয়। সম্প্রতি রাষ্ট্রসংঘ বিশ্বজুড়ে খাদ্যসঙ্কট দেখা দিতে পারে বলে সতর্ক করেছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের জেরে এই খাদ্যসঙ্কট দেখা দেবে বলে রাষ্ট্রসংঘ আশঙ্কা করেছে। পশ্চিমি দেশগুলো এই সঙ্কটের জন্য রাশিয়াকে দায়ী করেছে। দাবি, ইউক্রেনের ওপর বিশ্বের অনেক দেশ খাদ্যশষ্যের ওপর নির্ভরশীল। যুদ্ধের জন্য ইউক্রেন খাদ্যপণ্য রফতানি করতে পারছে না। যার জেরে বিশ্বে খাদ্যসঙ্কট দেখা দিতে পারে।












Click it and Unblock the Notifications