Lok Sabha Election 2024: রেশনে বিনামূল্যে পাওয়া যাবে ব্র্যান্ডেড মদ! নির্বাচনে বড় প্রতিশ্রুতি প্রার্থীর
ভোটে জিতলে পাকা বাড়ি, কিংবা অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রতিশ্রুতি বিভিন্ন রাজ্যেই দেখা যাচ্ছে। অর্থাৎ এটা সাধারণ মানুষের কাছে একেবারে সাধারণ প্রতিশ্রুতি হয়ে গিয়েছে। কিন্তু এবারের নির্বাচনে এক প্রার্থী এমন প্রতিশ্রুতি দিয়েছেন, যা অন্য প্রার্থীদের থেকে আলাদা। কোনও প্রার্থী এমন আশ্চর্যজনক প্রতিশ্রুতি এর আগে দিয়েছেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে।
এই প্রার্থীর নাম হল বনিতা রাউত। তিনি উদ্ধব ঠাকরে-শরদ পাওয়ারের রাজ্য মহারাষ্ট্রের চন্দ্রপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতায় সামিল হয়েছেন। তিনিই এলাকার জনগণকে বিনামূল্যে মদ দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন বলে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

বনিতা রাউত প্রতিদ্বন্দ্বিতা করছেন অল ইন্ডিয়া হিউম্যানিটি পার্টির ব্যানারে। তাঁর নির্বাচনী প্রতীক হল নিপ। প্রচারে প্রার্থী বলছেন, তিনি সাংসদ হলে, সাংসদ তহবিল থেকে রেশন কার্ডের মতো রেশন পাবেন। একইভাবে ব্র্যান্ডেড হুইস্কি ও বিয়ারও এলাকার দরিদ্রদের মধ্যে তিনি দেবেন। এলাকার বেকার যুবকদের তিনি মদ বিক্রির লাইসেন্স পেতেও সাহায্য করবেন।
বনিতা রাউত বলেছেন, গরিব মানুষেরা ব্র্যান্ডেড মদ খেতে পারেন না। তাঁরা দেশি মদ খেয়ে পড়ে থাকেন। তাই বিনামূল্যে ব্র্যান্ডেড মদ দিয়ে তিনি তাঁদেরকে কুশি দেখতে চান। তিনি বলেছেন, মানুষ লাগামছাড়া মদ খাওয়ায় বাড়িতে অশান্তি লেগেই আছে। তবে লাইসেন্স থাকলে সীমার মধ্যে মদ খাবেন তাঁরা।
তবে বনিতা রাউত এবারে প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এমনটা নয়। গত ২০১৯-এর নির্বাচনে তিনি নাগপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এছাড়া ২০১৯-এর বিধানসভা নির্বাচনে চিমুর বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেইখানেই বনিতা একই প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে তাঁর জমানত জব্দ হয়েছিল। তারপরেও তিনি একই প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় সামিল হয়েছেন।
বনিতা রাউত বিনামূল্যে ব্র্যান্ডেড মদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এবারও সর্বভারতীয় সংবাদ মাধ্যমের শিরোনামে রয়েছেন। তবে শেষ পর্যন্ত এই ইস্যুতে স্থানীয় মানুষ তাঁকে কত ভোট দেন, এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications