Telangana Election 2023: তেলেঙ্গানায় প্রচারে দুর্নীতির অভিযোগ! মুসলিমদের নিয়ে বড় প্রতিশ্রুতি অমিত শাহের
Telangana Assembly Election 2023: তেলেঙ্গানার জানগাঁওতে নির্বাচনী সভা। সেই সভা থেকে একইসঙ্গে কেসিআর সরকার, তাদের সমর্থনকারী আসাদউদ্দিন ওয়েইসি এবং কংগ্রেসকে তীব্র আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তিন দলকেই তিনি পরিবারভিত্তিক দল বলে নিশানা করেছেন তিনি। বলেছেন, তিন দলই স্বজন প্রীতির শীর্ষে রয়েছে।
বিজেপির নির্বাচনী সমাবেশ থেকে অমিত শাহের ঘোষণা, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে তেলেঙ্গানায় ৪ শতাংশ মুসলিম সংরক্ষণের অবসান ঘটানো হবে। পাশাপাশি সরকার গঠনের পরে রাজ্যের মানুষ বিনামূল্যে অযোধ্যায় ভগবান রামের দর্শন পাবেন বলে জানিয়েছেন তিনি।

অমিত শাহ তেলেঙ্গানার বিজেপি বিরোধী দলগুলিকে আক্রমণ করে বলেন. তুষ্টির রাজনীতি করতে গিয়ে সেখানে মুসলিমদের জন্য সংরক্ষণ করা হয়েছিল। তিনি আরও বলেন, তেলেঙ্গানার আসন্ন বিধানসভা নির্বাচন দেশের ভবিষ্যত নির্ধারণ করবে।
সমাবেশে অমিত শাহ তেলেঙ্গানার কেসিআর সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন। তিনি বলেছেন, সেখানকার সব চুক্তির তদন্ত করা হবে। আর যারা দুর্নীতি করবে, তাদের সবাইকে জেলে যেতে হবে।
সমাবেশে মোদী সরকারের প্রশংসা করে অমিত শাহ বলেছেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দ্রুত এগিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবন তৈরি করে জনগণকে দাসত্ব থেকে মুক্ত করার কাজ করেছেন বলেও মন্তব্য করেছেন তিনি।
তিনি কটাক্ষ করে বলেছেন, ওয়েইসির ভয়ে কেসিআর হায়দরাবাদের মুক্তির দিবস উৎযাপন করেন না। কেসিআরের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করে অমিত শাহ বলেছেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতির বিপরীত কাজ করেছেন তিনি। বিআরএস বিধায়করা শুধু জমি দখল করেন বলেও অভিযোগ করেছেন অমিত শাহ।
প্রসঙ্গত পাঁচ রাজ্যের মধ্যে মিজোরাম, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের নির্বাচন হয়ে গিয়েছে। ২৫ নভেম্বর রাজস্থানের নির্বাচন। তারপর ৩০ নভেম্বর হবে তেলেঙ্গানার নির্বাচন। একই দিনে রাজ্যের ১১৯ টি আসনের ভোট গ্রহণ করা হবে। একইসঙ্গে পাঁচ রাজ্যের ভোট গণনা ৩ ডিসেম্বর।












Click it and Unblock the Notifications