Narendra Modi 3.0: ২৬ এর লক্ষ্যে বাংলা থেকে মোদীর মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী? কোন নাম নিয়ে চলছে চর্চা জানুন
Narendra Modi 3.0: কেটেছে জটিলতা। তৃতীয়বারের জন্য রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী পদের শপথ নেবেন নরেন্দ্র মোদী। আজ শুক্রবারই সরকার গঠনের দাবি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে যেতে পারেন। মোদী ছাড়াও থাকবেন নীতীশ কুমার, চন্দ্রবাবু নাইডু। এবার নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। শরিকদের সাহায্যেই তৃতীয়বারের জন্য সরকার গঠন হবে। ফলে মোদীর মন্ত্রিসভায় শরিকদের বড় ভূমিকা থাকবে। ইতিমধ্যে জেডিইউ এবং টিডিপির তরফে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দাবি জানানো হয়েছে।
এমনকি বাংলা থেকে পূর্ণমন্ত্রী করার দাবিও উঠতে শুরু করেছে। আর তা জানিয়েছেন খোদ নব নির্বাচিত বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এবার বাংলায় ফল ভালো করতে পারেনি বিজেপি। ১৮ থেকে একধাক্কায় ১২-তে নেমে এসেছে বাংলায় বিজেপির সাংসদ সংখ্যা। যে কয়েকজন এবার নিজেদের গড় রক্ষা করতে পেরেছেন তাদের মধ্যে একজন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র। তাঁর দাবি, এবার যে কয়েকজন সাংসদ হয়েছেন তাদের মধ্যে সিনিয়ার আমি। ফলে কাউকে বাংলা থেকে করা হলে অবশ্যই তাঁর নাম ভাবান উচিৎ বলে এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিজেপি নেতা।

গত বছর বাংলা থেকে বেশ কয়েকজন সাংসদকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আনা হয়েছিল। কিন্তু কাউকেই পূর্ণমন্ত্রী করা হয়নি। যা নিয়ে বারবার কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিরোধীরা। যদিও যাদের গতবার মন্ত্রিসভায় নিয়ে যাওয়া হয়েছিল তাঁদের মধ্যে বেশিরভাগই এবার হেরেছেন। একমাত্র মতুয়া ভোট ব্যাঙ্ক ধরে রেখে বড় জয় পেয়েছেন শান্তনু ঠাকুর। সূত্রের খবর, বাংলা থেকে এবারও কয়েকজনকে মন্ত্রী করা হবে। যাদের মধ্যে এবারও শান্তনু থাকবেন বলে গুঞ্জন।
অন্যদিকে নতুন কিছু মুখ মন্ত্রিসভায় বাংলা থেকে দেখা যেতে পারে। চর্চা চলছে বেশ কয়েকটি নাম নিয়েও। চর্চার শুরুতেই রয়েছেন তমলুক থেকে নব নির্বাচিত সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার নিশীথ প্রামাণিক জিততে পারেননি। ফলে উত্তরবঙ্গ থেকে কাকে মন্ত্রী করা হবে তা নিয়ে জল্পনা রয়েছে। তবে শোনা যাচ্ছে, আলিপুরদুয়ারের নির্বাচিত সাংসদ মনোজ টিগগার নাম। মাদারিহাটের বিধায়ক। বিজেপির দীর্ঘদিনের সৈনিক। তাঁকে মন্ত্রিসভায় ডাকা হতে পারে। এছাড়াও রাঢ় বাংলা থেকে সৌমিত্র খাঁ'য়ের নামও শোনা যাচ্ছে। জল্পনায় রয়েছেন সুকান্ত মজুমদারও। বিজেপির রাজ্যসভাপতির পদ থেকে সরিয়ে কেন্দ্রীয়মন্ত্রী তাঁকে করা হতে পারে।
কার্যত গোষ্ঠী কোন্দলে বিদ্ধ বঙ্গ বিজেপি। এই অবস্থায় রাজ্য সভাপতি পদে রদবদল করা হতে পারে বলে অনেকেই আলোচনা করছেন। তবে সবটাই কেন্দ্রীয় নেতৃত্বের উপর নির্ভর বলেও দাবি। অন্যদিকে জলপাইগুড়ির চিকিৎসক সাংসদ জয়ন্তকুমার রায়কেও উত্তরবঙ্গ থেকে এবার মন্ত্রী করা হতে পারে বলে বঙ্গ বিজেপিতে গিঞ্জন। তফসিলি ভোট ধরে রাখার অঙ্কেই তাঁকে মন্ত্রিত্ব দেওয়া হতে পারে বলে দাবি একাংশের। তবে এবারও সম্ভবত বাংলা থেকে কেউ পূর্ণমন্ত্রীর পদ পাবে না বলেই খবর।












Click it and Unblock the Notifications