Mizoram Assembly Election 2023: কোনও বড় সভা সমাবেশ নেই! কীভাবে প্রচার সারছে মিজোরামের রাজনৈতিক দলগুলি
বেশিরভাগ রাজ্যে নির্বাচনের সময় যেভাবে প্রচারাভিযান চালানো হয়, বরাবর তার বিপরীতে চলে উত্তর-পূর্বের ছোট রাজ্য মিজোরাম। সেখানকার প্রার্থীরাও চলেন সেইভাবেই। চার্চ সমর্থিত সংস্থা মিজো পিপলস ফোরাম জানিয়ে দেয় কোনও প্রার্থীই অনৈতিক কিছু করতে পারবে না।
বড় বড় সভা-সমাবেশ, ব্যানার, বড় জনসমাগম, রাস্তা আটকে সভা, এমন কিছু মিজোরামে দেখা যায় না। মিজো পিপলস ফোরাম একটি নির্দিষ্ট এলাকার সব প্রার্থীদের জন্য কমিউনিটি মিটিং কিংবা কমন প্ল্যাটফর্ম সংগঠিত করে। যেখানে এলাকার কোনও দলীয় সমর্থক কিংবা সাধারণ ভোটাররা উপস্থিত হয়ে প্রার্থীদের কথা শুনে থাকেন।

এক্ষেত্রে প্রত্যেক প্রার্থীকে তাঁর বক্তব্য পেশ করতে মোট কুড়ি মিনিট সময় দেওয়া হয়। সেখানে অন্য কোনও রাজনৈতিক প্রচার কিংবা স্লোগান শোনা যায় না। এলাকায় কমিউনিটি মিটিং কিংবা কমন প্ল্যাটফর্মে যোগদানকারীরা এতে সন্তুষ্ট। তাঁরা বলছেন, মিজোরামের থেকে শিক্ষা নিয়ে দেশের অন্য অংশেও এই ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করা উচিত।
তাঁরা বলছেন, এই ধরনের প্রচার নিরাপদ ও চমৎকার উপায়। অন্যদিকে মিজো পিপলস ফোরামও নিশ্চিত করে, যাতে এই ধরনের প্রচারাভিযানে বেশ কিছু মানুষ হাজির হয়। সেখানে একটি সাধারণ প্ল্যাটফর্মে প্রত্যেক প্রার্থীই বলার সুযোগ পান সমানভাবে।
এছাড়াও মিজো পিপলস ফোরাম বলে দিয়েছে, সেই মিটিং হতে হবে শান্তিপূর্ণভাবে। সাধারণভাবে তাই হয়ে থাকে। একসঙ্গে হওয়া প্রচারে প্রার্থীদের মনও শান্ত থাকে। এই ধরনের মিটিংয়ে যোগদানকারীরা বলছেন, সাধারণ মানুষ বিশ্বাস করেন, তাঁদের মৌলিক চাহিদাগুলি যে সব প্রার্থী পূরণ করতে পারবেন, তাঁদেরই নির্বাচিত হওয়া উচিত। যে কারণে মিজোরামে নির্বাচন শান্তিপূর্ণ হয়ে থাকে বলে জানিয়েছেন তাঁরা।
স্কুল শিক্ষক থেকে ব্যবসায়ী, সবাই মিজো পিপলস ফোরামের অনুসরণ করা নিয়মকে সমর্থন করেন। পাশাপাশি তারা বলছেন, অন্য রাজ্য এবং সেখানকার রাজনৈতিক দলগুলিরও উচিত এই প্রক্রিয়াকে অনুসরণ করা। এটা স্থানীয় মানুষ এবং রাজনৈতিক দল উভয়ের জন্যই ভাল জিনিস বলেও মনে করেন তাঁরা।
প্রসঙ্গত ৪০ আসন বিশিষ মিজোরাম বিধানসভার নির্বাচন হতে চলেছে ৭ নভেম্বর। ফল ঘোষণা করা হবে ৩ ডিসেম্বর।












Click it and Unblock the Notifications