Pahalgam Terror Attack: কলকাতার বিতানের দেহ ফেরাতে আশ্বাস মমতার, কেন্দ্রকে দুষলেন অভিষেক; শোকবার্তা সৌরভেরও
Pahalgam Terror Attack: অমরনাথ যাত্রার আগেই রক্তাক্ত উপত্যকা। ভরা পর্যটনের মরসুমে জঙ্গি হামলা। পহেলগাঁওতে মিনি সুইৎজারল্যান্ড নামে খ্যাত বৈরিসন উপত্যকায় পর্যটনদের নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। প্রাণ চলে গিয়েছে ২ বিদেশি নাগরিক-সহ মোট ২৬ জনের। এক্স পোস্টে ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের একজন কলকাতার বাসিন্দা। পরিবারের সঙ্গে ফোনে কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, জঙ্গি হামলা নিয়ে কেন্দ্রকে কড়া আক্রমণ অভিষেকের।
কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারী। বিদেশ থেকে ফিরে সপরিবারে বেড়াতে গিয়েছিলেন কাশ্মীরে। খবর পেয়ে তাঁর বৈষ্ণবঘাটার বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। ফোন করে সমবেদনা জানান মমতা। এক্স পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, "পহেলগাঁওয়ের নৃশংস জঙ্গি হামলায় শোকাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।"

মমতা আরও জানান, "নিহত বিতান অধিকারীর স্ত্রীয়ের সঙ্গে ফোনে কথা হয়েছে। তাঁকে সান্তনা জানানোর মতো ভাষা নেই। তবুও তাঁর স্বামীর দেহ ফেরাতে সরকারের তরফে সবরকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস জানানো হয়েছে।" এদিকে কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে কেন্দ্র সরকারকে নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স পোস্টে তিনি লেখেন, "জম্মু কাশ্মীরে এই জঙ্গি হামলা কেবল দুর্ভাগ্যজনকই নয়, বরং ভারত সরকারের জন্য সতর্কবাণীও বটে।"
কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে অভিষেক আরও লেখেন, "এই একই সরকার দাবি করেছিল নোটবন্দির জেরে কালো টাকা ও সন্ত্রাসে মদত দেওয়া শেষ হবে, ৩৭০ ধারা রদের ফলে উপত্যকায় শান্তি ফিরবে। আজকের হৃদয়বিদারক এই ঘটনা প্রমাণ করে দিয়েছে সরকারের সমস্ত প্রতিশ্রুতি, পলিসি ও প্রচার আদতে মিথ্যে। সেকথা মনে করিয়ে দেওয়ার সময় এসেছে।" পাশাপাশি পোস্টে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতেদর দ্রুত আরোগ্য কামনা করেন অভিষেক।
ফেসবুকে পোস্টে কাশ্মীরে জঙ্গি হামলার নিন্দায় সরব হন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও। লেখেন, "কাশ্মীরে নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হামলা নিয়ে গভীরভাবে শোকাহত ও স্তম্ভিত। এই চরম বেদনার সময়ে নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। এধরনের শান্তিপ্রিয় পর্যটকদের উপর হামলার ঘটনা মানবতার বিরুদ্ধে দ্রোহের সমান। দ্রুত শান্তি ফিরে আসুক, এই কামনা করে দুর্গতদের পাশে রয়েছি।"
কাশ্মীরে জঙ্গি হামলায় উদ্বেগের মাঝেই সৌদি আরবে সফর কাটছাঁট করে রাতেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামলাকারী জঙ্গিদের কাউকে রেয়াত করা হবে না বলে আশ্বস্ত করেন মোদী। আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেন তিনি।












Click it and Unblock the Notifications