আগামী ১৫-২০ দিনে ভাঙবে মহারাষ্ট্র গভর্নমেন্ট! শিন্ডে-ফড়নবিশ সরকারের মৃত্যু পরোয়ানা জারি
মহারাষ্ট্রে দলবদলের সম্ভাবনার আপাতত জল ঢেলেছেন অজিত পাওয়ার। তবে সেখানকার সরকার ফেলার হুঁশিয়ারি দিয়ে রাখলেন শিবসেনার উদ্ধব গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত। এদিন তিনি সরকারের মৃত্যু পরোয়ানা জারি করে বলেছেন, পতন শুধুমাত্র সময়ের অপেক্ষা।
এদিন সঞ্জয় রাউত বলেছেন, তিনি আগে বলেছিলেন ফেব্রুয়ারিতে শিন্ডে সরকারের পতন হবে। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে বিলম্বের কারণে সরকার থাকার সময় বেড়ে গিয়েছে। তবে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে সরকারের পতন হবে বলে দাবি করেছেন তিনি।

সঞ্জয় রাউত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, দল আদালতের আদেশের অপেক্ষায় রয়েছে। তারা আশা করছেন ন্যায়বিচার পাওয়া যাবে। রাউত উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ করা ১৬ জন শিবসেনা বিধায়ককে অযোগ্য ঘোষণা করা নিয়ে সুপ্রিম কোর্টে মুলতুবি থাকা মামলার কথা বলেছেন।
প্রসঙ্গত গত মাসে মহারাষ্ট্রের রাজনৈতিক সংকট সংক্রান্ত একটি মামলায় রায় সংরক্ষিত রেখেছে সুপ্রিম কোর্ট।

সঞ্জয় রাউত দাবি করেছেন, বর্তমান মুখ্যমন্ত্রী এবং তাঁর ৪০ জন বিধায়কের সরকার ১৫-২০ দিনের মধ্যে ভেঙে পড়বে। সরকারের মৃত্যু পরোয়ানা জারির কথা উল্লেখ করে বলেছেন, এখন সেখানে কে স্বাক্ষর করবে তারই অপেক্ষা। এর আগে সঞ্জয় রাউত বলেছিলেন ফেব্রুয়ারিতে একনাথ শিন্ডে সরকারের পতন হবে।
প্রসঙ্গত, গত বছরের জুনে ৩৯ জন বিধায়ককে নিয়ে উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন একনাথছ শিন্ডে। যার জেরে মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাধি সরকারের পতন হয়। শিবসেনা ছাড়াও এই সরকারের অংশীদার ছিল কংগ্রেস এবং এনসিপি।
বিধায়কদের নিয়ে অসম চলে গিয়েছিলেন একনাথ শিন্ডে। সেখান থেকে ফেরার পরে বিজেপির সমর্থন নিয়ে সরকার গঠন করেন তিনি। গতবছরের ৩০ জন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন একনাথ শিন্ডে। সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন দেবেন্দ্র ফড়নবিশ।












Click it and Unblock the Notifications