Madhya Pradesh Election 2023: মধ্যপ্রদেশ দুর্নীতির রাজধানী! রাজ্যে প্রচারে গিয়ে বড় প্রতিশ্রুতি রাহুলের
Madhya Pradesh Election 2023: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও মধ্যপ্রদেশের নিমুচ জেলায় জনসভায় ভাষণ দিলেন। দুর্নীতি নিয়ে বিজেপি সরকারকে আক্রমণ করার পাশাপাশি জাত শুমারি ইস্যুতে বড় প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
রাহুল গান্ধী বলেছেন, মধ্যপ্রদেশে অনগ্রসর শ্রেণির জনসংখ্যা বেশি, সেই অনুযায়ী, তাদের অগ্রাধিকার পাওয়া উচিত। তিনি বলেছেন, মধ্যপ্রদেশে ওবিসি শ্রেণির জনসংখ্যা কমপক্ষে ৫০ শতাংশ। তিনি যখনই প্রধানমন্ত্রী মোদীকে জাতভিত্তিক শুমারি করতে বলেন, সেই সময় প্রধানমন্ত্রী ভাষণে বলেন, ভারতে কোনও জাত নেই। কেবল গরিব মানুষ রয়েছে। রাহুল গান্ধী প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, কংগ্রেস মধ্যপ্রদেশে ক্ষমতায় ফিরলে জাত শুমারি করা হবে।

নিমুচ জেলার জাওয়াদ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সমন্দর প্যাটেলের সমর্থনে সভা করেন রাহুল গান্ধী। তিনি বলেন মধ্যপ্রদেশ দুর্নীতির রাজধানী হয়ে উঠেছে। সম্প্রতি ভাইরাল হওয়া কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের ছেলের ভিডিও নিয়ে রাহুল গান্ধী সভায় প্রশ্ন করেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় মন্ত্রী এবং অন্য বিজেপি নেতাদের মধ্যে দ্বন্দ্ব উসকে দেন।
রাহুল গান্ধী বলেন, গরিব মানুষ এবং কৃষকদের টাকা আত্মসাৎ করার জন্য দৌড় চলছে মধ্যপ্রদেশে। পাশাপাশি তিনি বলেন শুধু মধ্যপ্রদেশেই নয়, সারা দেশেই জাত শুমারির প্রয়োজন রয়েছে। যাতে বাজেট-সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের জন্য জাত শুমারির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যায়।
প্রসঙ্গত উল্লেখ্য নিমুচ জেলার জাওয়াদ বিধানসভা কেন্দ্র বিজেপির দখলে রয়েছে। এই আসনে এবার প্রার্থী শিবরাজ সরকারের শিল্পমন্ত্রী ওমপ্রকাশ সাকলেচা। মধ্যপ্রদেশের ছোট জেলাগুলির মধ্যে পড়ে নিমুচ। সেখানে তিনটি বিধানসভা কেন্দ্রের সবকটিই বিজেপির দখলে রয়েছে। কংগ্রেস এই আসন বিজেপির থেকে ছিনিয়ে নিতে ঝাঁপিয়ে পড়েছে।












Click it and Unblock the Notifications