Lok Sabha Election Results 2024: ইভিএম-এ গণনায় হারের পরেও জয়! আলোচনায় দুই প্রার্থী
Lok Sabha Election Results 2024: ইভিএমে গণনায় হেরে গেলেও শেষ পর্যন্ত লোকসভায় দুই প্রার্থী জয় পেয়েছেন। দেশের দুই প্রান্তে, দুই দলের দুই প্রার্থীর জয়ে এমনই ঘটনা ঘটেছে। একজন হলেন, মহারাষ্ট্রে শিবসেনার রবীন্দ্র ওয়াইকার এবং আরেকজন বিজেপির রবীন্দ্র নারায়ণ বেহেরা।
মহারাষ্ট্রে মুম্বই উত্তর-পশ্চিম আসন থেকে জয়ী হয়েছেন শিবসেনার রবীন্দ্র ওয়াইকার। অন্যদিকে বিজেপির রবীন্দ্র নারায়ণ বেহেরা জয়ী হয়েছেন ওড়িশা জাজপুর আসন থেকে। ইভিএম গণনার পরে পোস্টাল ব্যালট গণনায় তাঁরা জয় পেয়েছেন।

নির্বাচনের সঙ্গে যুক্ত সরকারি কর্মী যিনি সংশ্লিষ্ট এলাকায় নির্বাচনের দিন উপস্থিত থাকতে পারবেন না, সাংবাদিক কিংবা আশির ওপরে বয়স্ক ব্যক্তিরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেন। এছাড়াও জেলবন্দিরাও পোস্টাল ব্যালটে ভোট দিয়ে থাকেন।
২০১৯-এর লোকসভা নির্বাচন পর্যন্ত, ইভিএম গণনার ৩০ মিনিট আগে পোস্টাল ব্যালটে গণনা করা হয়েছিল। কিন্তু ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম প্রবর্তনের পরে পোস্টাল ব্যালটের সংখ্যা বেড়ে গিয়েছে।
২০১৯-এর ১৮ মে নির্বাচনের কমিশনের দেওয়া নির্দেশিকায় বলা হয়েছিল ইভিএমের গণনা পোস্টাল ব্যালটের গণনার পর্যায় নির্বিশেষে চলতে পারে।
দুই প্রার্থীর ক্ষেত্রে তাঁরা কত ভোট পেয়েছিলেন, জয় পরাজয়ই বা কত ভোটে?
- রবীন্দ্র ওয়াইকার
উত্তর-পশ্চিম মুম্বইয়ের শিবসেনা প্রার্থী রবীন্দ্র ওয়াইকার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবসেনা (ইউবিটি)-র অমল গজানণ কীর্তিকারকে মাত্র ৪৮ ভোটে পরাজিত করেছেন। যা মহারাষ্ট্রে সর্বনিম্ন ব্যবধান। শিবসেনা (ইউবিটি) প্রার্থী দিনের বেশিরভাগ সময়েই ইভিএম গণনায় এগিয়ে ছিলেন। তবে সময় যত এগিয়েছে, এই ব্যবধান কমেছে। ইভিএম গণনার শেষে অমল গজানণ কীর্তিকার পান ৪,৫১,০৯৫ এবং ওয়াইকার পান
৪,৫১,০৯৪ ভোট। তারপর পোস্টাল ব্যালটের গণনা হয়।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে গণনায় ওয়াইকারের পক্ষে ১৫৫০ টি পোস্টাল ব্যালট এবং কীর্তিকরের ১৫০১ টি পোস্টাল ব্যালট ছিল। দুই ক্ষেত্রে গণনার পরে ওয়াইকার পান ৪,৫২,৬৪৪ এবং কীর্তিকর ৪,৫২, ৫৯৬ ভোট। শিবসেনা ইউবিটি জানিয়েছে, তারা এই ফলাফলকে আদালতে চ্যালেঞ্জ করবে।
- রবীন্দ্র নারায়ণ বেহরা
অন্যদিকে ওড়িশা জাজপুরের রবীন্দ্র নারায়ণ বেহরা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজু জনতাদলের শর্মিষ্ঠা শেঠির চেয়ে ইভিএম-এ ৪৯৬ ভোট কম পেলেও জয়ী হয়েছেন। পোস্টাল ব্যালট যোগ করার পরে বেহেরা জয়ী হন। পোস্টাল ব্যালটে বেহরা পেয়েছেন ৫২৮০ ভোট অন্যদিকে শর্মিষ্ঠা শেঠি পেয়েছেন ৩২২৪ ভোট। দুই ক্ষেত্রে গণনার পরে শেঠি পান ৫.৩২,৬৫২ ভোট এবং বেহরা পান ৫.৩৪,২৩৯ ভোট।












Click it and Unblock the Notifications