Lok Sabha Election: লোকসভা ভোট এখন হলে এনডিএ কতগুলি আসন পাবে? বিজেপির আসন কমার আভাস সমীক্ষায়
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচন আগামী বছর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, এনডিএ-ই ফের ক্ষমতায় আসবে। বিশ্বের অর্থনীতিতে ভারত সেক্ষেত্রে প্রথম তিনে থাকবে বলেও মন্তব্য করেছেন মোদী।
এরই মধ্যে বিরোধী রাজনৈতিক দলগুলি এক ছাতার তলায় এসে গঠন করেছে ইন্ডিয়া। আজ ইন্ডিয়া টিভি-সিএনক্স ওপিনিয়ন পোলের ফলাফল সামনে আসায় দেখা যাচ্ছে, এখনই ভোট হলে ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে এনডিএ পেতে পারে ৩১৮টি আসন।

ইন্ডিয়া টিভির দেশ কি আওয়াজ অনুষ্ঠানের জনমত সমীক্ষায় অবশ্য বিজেপির আসন কমার আভাস মিলেছে। এখনও বেশ কয়েক মাস সময় রয়েছে। ফলে অনেক কিছুই রদবদল হবে। ইন্ডিয়া জোটের তরফে অভিন্ন ন্যূনতম কর্মসূচি, কমিটি ঘোষণা বাকি। দেশজুড়ে চলবে প্রচার। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার থেকেই ১০ অগাস্ট অবধি এনডিএ সাংসদদের সঙ্গে বৈঠকে বসছেন।
আজ প্রকাশিত জনমত সমীক্ষা অনুযায়ী বিরোধীদের জোট সাকুল্যে পেতে পারে ১৭৫টি আসন। বিভিন্ন আঞ্চলিক দল ও নির্দলদের দখলে যেতে পারে ৫০টি আসন। ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপি একাই পেয়েছিল ৩০৩টি আসন। সেটা কমে হতে পারে ২৯০। কংগ্রেসের আসন ৫২ থেকে বেড়ে হতে পারে ৬৬।
সংসদে তৃতীয় বৃহত্তম দল হিসেবে তৃণমূল কংগ্রেসের উঠে আসার সম্ভাবনার কথাও জানিয়েছে এই ওপিনিয়ন পোল। তৃণমূলের আসন সংখ্যা ২২ থেকে বেড়ে হতে পারে ২৯টি। অন্ধ্রপ্রদেশে শাসন ক্ষমতায় থাকা ওয়াইএসআর কংগ্রেস পেতে পারে ১৮টি আসন। গতবার তারা পেয়েছিল ২২টি আসন।

এনডিএ উত্তরপ্রদেশে ৮০টি আসনের মধ্যে জিততে পারে ৭৩টিতে, ইন্ডিয়া জোট সাতটিতে। বিহারে ৪০টি আসনের মধ্যে এনডিএ ২৪টি ও ইন্ডিয়া ১৬, মহারাষ্ট্রে ৪৮টি আসনের মঘ্যে এনডিএ ২৪ ও ইন্ডিয়া ২৪, তামিলনাড়ুতে এনডিএ ৯ ও ইন্ডিয়া ৩০ এবং পশ্চিমবঙ্গে এনডিএ ১২ ও ইন্ডিয়া ৩০টি আসন পেতে পারে।
কর্নাটকে ২৮টি আসনের মধ্যে এনডিএ ২০, ইন্ডিয়া ৭ ও অন্যান্যরা ১টি আসন পেতে পারে। গুজরাতের ২৬টি আসনের ২৬টিতেই এনডিএ জিতবে বলে জানানো হয়েছে। কেরলে ২০টি আসনে ইন্ডিয়া ২০টিতেই জিতবে, খাতা খুলতে পারবে না ইন্ডিয়া, এমনই দাবি করা হয়েছে সমীক্ষায়। রাজস্থানে ২৫টি আসনের মধ্যে ২১টিতে এনডিএ ও ইন্ডিয়া ৪টি আসন জিততে পারে।
অন্ধ্রপ্রদেশে ২৫টি আসনের এনডিএ ও ইন্ডিয়া খাতা খুলতে পারছে না, অন্যান্যদের ঝুলিতে ২৫টি আসন। ওডিশায় এনডিএ ৮, ইন্ডিয়া ০ ও অন্যান্য ১৩টিতে জিততে পারে। মধ্যপ্রদেশে ২৯টি আসনে এনডিএ ২৪ ও ইন্ডিয়ার ৫টিতে জেতার আভাস মিলেছে সমীক্ষায়। তেলঙ্গানায় ১৭টি আসনের মধ্যে এনডিএ ৬টি, ইন্ডিয়া ২টিতে, অন্যান্যরা ৯টি আসনে জিততে পারে।
অসমে ১৪টি আসনে এনডিএ ১২, ইন্ডিয়া ও অন্যান্যরা ১টি করে আসন পেতে পারে। ছত্তিসগঢ়ের ১১টি আসনে এনডিএ ৭ ও ইন্ডিয়া ৪টি আসনে জিততে পারে। ঝাড়খণ্ডে ১৪টি আসনের মধ্যে এনডিএ ১৩ ও ইন্ডিয়া ১টি আসনে জিততে পারে। হরিয়ানায় ১০টির মধ্যে এনডি ৮ ও ইন্ডিয়া ২, পাঞ্জাবে এনডিএ ০ ও ইন্ডিয়া ১৩টি আসন পাবে বলে সমীক্ষায় উল্লেখ। দিল্লিতে এনডিএ ৫টি ও ইন্ডিয়া ২টি আসন পেতে পারে।
উত্তরাখণ্ডে পাঁচটি আসনের পাঁচটিতেই এনডিএ, জম্মু-কাশ্মীর ও লাদাখের ৬টির তিনটিতে এনডিএ, ২টিতে ইন্ডিয়া ও ১টিতে অন্যান্যদের জয়ের ইঙ্গিত। হিমাচল প্রদেশে চারটির মধ্যে এনডিএ তিনটি ও ইন্ডিয়া ১টিতে জিততে পারে। মণিপুরে ২টি আসনের দুটিতেই ইন্ডিয়া জিতবে বলে উল্লেখ।
উত্তর-পূর্বের বাকি ৯টি আসনের ৯টিতেই এনডিএ জিতবে বলে উল্লেখ। গোয়ায় ২টির দুটিতেই এনডিএ জিতবে। লাদাখ বাদে বাকি কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ৬টি আসনের মধ্যে চারটিতে এনডিএ ও ২টিতে ইন্ডিয়া জিতবে বলে সমীক্ষায় প্রকাশ।












Click it and Unblock the Notifications