Lok Sabha Election: মোদী সরকার টানা তৃতীয়বার! এনডিএ-র ধারেকাছে নেই ইন্ডিয়া, আভাস মিলল সমীক্ষায়
Lok Sabha Election: লোকসভা নির্বাচন যদি এখন হয় তাহলে ড্যাং ড্যাং করে ফের ক্ষমতায় আসবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। নরেন্দ্র মোদী টানা তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হবেন। এমনই ইঙ্গিত ইন্ডিয়া নিউজ-সিএনএক্স জনমত সমীক্ষায়।
তবে ইন্ডিয়া জোটে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের জন্য খুশির খবরও আছে সমীক্ষার ফলে। এই দুই দলের আসন বৃদ্ধির আভাস মিলেছে। যদিও সামগ্রিকভাবে ইন্ডিয়া জোট এনডিএ-র ধারেকাছে থাকবে না এখন ভোট হলে।

জনমত সমীক্ষার ফলাফল অনুযায়ী, বিজেপিকে কেন্দ্রে ক্ষমতা দখলের দিকে এগিয়ে দেবে উত্তরপ্রদেশ, কর্নাটক, গুজরাত, গোয়া, হিমাচল প্রদেশ, হরিয়ানা, দিল্লি, মধ্যপ্রদেশ, ছত্তিসগঢ়, ঝাড়খণ্ড ও মণিপুর বাদে উত্তর-পূর্বের রাজ্যগুলি। বাংলা, তামিলনাড়ু, মণিপুর, পাঞ্জাব ও বিহারে ভালো ফল হবে ইন্ডিয়া জোটের। তবে পরিস্থিতির আমূল পরিবর্তন না হলে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসতে পারবে না।
বিজেপি ২৯০, কংগ্রেস ৬৬, আম আদমি পার্টি ১০, তৃণমূল কংগ্রেস ২৯, বিজেডি ১৩, শিবসেনা (শিণ্ডে) ২, শিবসেনা (ইউবিটি) ১১, সমাজবাদী পার্টি ৪, বহুজন সমাজ পার্টি ০, রাষ্ট্রীয় জনতা দল ৭, জনতা দল-ইউ ৭, ডিএমকে ১৯, এআইএডিএমকে ৮, এনসিপি (শরদ) ৪, এনসিপি (অজিত) ২, ওয়াইএসআর কংগ্রেস ১৮, টিডিপি ৭, বাম ৮, বিআরএস ৮টি আসন জিততে পারে।
উদ্ধবের শিবসেনা (ইউবিটি)-র আসন ৬ থেকে বেড়ে হতে পারে ১১। আম আদমি পার্টির আসন সংখ্যা ১ থেকে বেড়ে ১০ হতে পারে। এখনই ভোট হলে নবীন পট্টনায়কের বিজু জনতা দল ১২ থেকে আসন বাড়িয়ে ১৩-তে পৌঁছে যেতে পারে। একনাথ শিণ্ডের শিবসেনা (শিণ্ডে)- আসন ১২ থেকে কমে ২ হতে পারে।

ইন্ডিয়া জোটের সবচেয়ে ভালো ফল হতে পারে কেরলে। সেখানে বিরোধীশূন্য করে দিতে পারবে ইন্ডিয়া জোট। ২০টি লোকসভা আসনের সব কটিতেই তারা জিততে পারে। পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে তৃণমূলের ২৯টি-সহ ৩০টি আসন জিততে পারে ইন্ডিয়া জোট।
লোকসভা ভোটের এখনও বেশ কয়েক মাস দেরি। ইন্ডিয়া জোট অভিন্ন ন্যূনতম কর্মসূচিই ঘোষণা করেনি। রাজনীতিতে অনেক উত্থান-পতন, অনেক রকম পরিস্থিতিগত বদলও হতে পারে। ফলে এনডিএকে ইন্ডিয়া কতটা টক্কর দিতে পারবে তা বোঝা যাবে সময়ের সঙ্গে। কিন্তু কেন্দ্রে এনডিএ সরকার ফের আসার সম্ভাবনাই জোরালো।












Click it and Unblock the Notifications