Farmer Protest: শুক্রবারের পুনরাবৃত্তি রবিবারে, কাঁদানে গ্যাসের শেল দিয়েই রুখে দিল ‘দিল্লি চলো’ অভিযান
শুক্রবারের পর রবিবার, দেখা গেল সেই একই চিত্র। সেই একবার কৃষকদের 'দিল্লি চলো' অভিযান মাঝপথেই রুখে দিল পুলিশ। ছত্রভঙ্গ করলো আন্দোলনকারীদের। ফের আহত হলেন একাধিক কৃষক।
এদিনও হরিয়ানা-পাঞ্জাব সীমান্তের শম্ভুতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জড়ো হওয়া কৃষকদের উপর টিয়ার গ্যাসের শেল ছোঁড়ে পুলিশ। 'দিল্লি চলো' মিছিল ঘিরে ধুন্ধুমার বাধে সীমান্তে। আটক হন একাধিক কৃষক।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসা ভিডিও গুলিতে দেখা গিয়েছে, ৪৪ নং জাতীয় সড়ক জুড়ে কীভাবে পুলিশ ব্যারিকেড করে গোটা এলাকা ঘিরে রেখেছে। আর তাতেই ধরা পড়েছে কৃষকদের জমায়েত ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাসের শেল ফাটাচ্ছে।
কাঁদানে গ্যাসের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বেশ কিছুজন আন্দোলনকারী। তাঁদের মধ্যে রয়েছেন বাথিন্ডার ভগতা ভাই গ্রামের বিকেইউ ক্রান্তিকারির সদস্য রেশম সিং। যিনি কিনা কাঁদানে গ্যাসের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। এছাড়াও রয়েছেন আরও আন্দোলনকারী। তাঁদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র স্থানে। তাঁদের প্রাথমিক চিকিৎসা চলছে বলেই জানা যাচ্ছে।
এর আগে গত ৬ ডিসেম্বর ১০১ জন কৃষকের একটি 'জাঠা' শম্ভু সীমান্তে তাদের প্রতিবাদের স্থান থেকে দিল্লির দিকে যাত্রা করেছিল। কিন্তু কিছুদূর আসার পরই হরিয়ানা পুলিশ ও দিল্লি পুলিশ তাঁদের আটকে দেয়। পুলিশের বিস্তর ব্যারিকেড টপকে আর দিল্লির উদ্দেশ্যে যেতে পারেননি কৃষকরা। গত শুক্রবার এই নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। সেদিনও আন্দোলনকারীদের হঠাতে শম্ভু সীমান্তে পুলিশ টিয়ার গ্যাসের শেল ফাটিয়েছিল। যাতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়ে পড়েন। আর আজও একই ছবির পুনরাবৃত্তি ঘটলো শম্ভু সীমান্তে।
কৃষক নেতারা গত শুক্রবারই হুঁশিয়ারি দিয়ে ছিলেন কেন্দ্রকে। তারা বলেছিলেন, শনিবারের মধ্যে কেন্দ্র তাদের সাথে আলোচনায় না বসলে আগামী রবিবার অর্থাৎ ৮ ডিসেম্বর আবার 'দিল্লি চলো' কর্মসূচী করবেন। গতকাল কৃষকদের সাথে কোনও রকম কোনও আলোচনায় হয়নি কেন্দ্রের। স্বাভাবিক ভাবেই গতকাল থেকেই বোঝা গিয়েছিল যে, কৃষকরা রবিবার ফের আন্দোলনের তীব্রতা বাড়িয়ে দিল্লির দিকে এগিয়ে আসবেন। আর আজ সেই মোতাবেক প্রস্তুতি শুরু হয় সকাল থেকেই। কিন্তু তারপরও পুলিশ সেই আন্দোলনও ছত্রভঙ্গ করে দিল।












Click it and Unblock the Notifications