Narendra Modi: অবসর নিচ্ছেন মোদী! RSS-র সদর দফতরে যেতেই উঠল দাবি, মহারাষ্ট্রে হইচই
Narendra Modi: অবসর নিচ্ছেন নরেন্দ্র মোদী? সোমবার এমনই বিস্ফোরক দাবি করলেন মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার নেতা তথা সাংসদ সঞ্জয় রাউত। রবিবার নাগপুরে আরএসএসের সদর দফতরে মোদীর যাওয়া ও সংঘ মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাতের পরই এমনই চাঞ্চল্যকর দাবি সঞ্জয় রাউতের। যদিও সেই দাবি নস্যাৎ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের।
সোমবার সঞ্জয় রাউত বলেন, "দেশের সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বে বদল চাইছে আরএসএস। আর তাই মোদী আরএসএসের সদর দফতরে গিয়ে সম্ভবত সেপ্টেম্বরে তাঁর অবসরের আবেদনপত্র জমা দিয়ে এসেছেন।" শাসকদল বিজেপির বেশ কয়েকজন নেতামন্ত্রী ৭৫ বছরে অবসর গ্রহণ করতে চলেছেন বলেও দাবি সঞ্জয়ের। আগামী সেপ্টেম্বরে ৭৫ বছর বয়সে পা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আর তার আগেই বোমা ফাটালেন সঞ্জয় রাউত।

যদিও বিরোধী দলের সাংসদের দাবি উড়িয়ে মহারাষ্ট্রের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই থাকবেন। ২০২৯ সালে ফের জিতে দেশকে তিনিই নেতৃত্ব দেবেন। স্রেফ তাই নয়, আগামী বেশ কয়েক বছর মোদীই ক্ষমতায় থাকবেন বলে উল্লেখ করেন ফড়নবীস। সঞ্জয় রাউতকে পাল্টা জবাব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "মোদীর উত্তরাধিকার খোঁজার জন্য কাউকে ব্যস্ত হতে হবে না। উনিই আমাদের নেতা থাকবেন।"
সঙ্গে অবশ্য ফড়নবীশ জুড়লেন আরেকটি কথাও। মুখ্যমন্ত্রী বলেন, নেতৃত্বে কেউ থাকাকালীন তাঁর উত্তরাধিকার খোঁজা ভারতীয় সংস্কৃতিতে অস্বাভাবিক। তিনি বলেন, "আমাদের সংস্কৃতিতে, বাবারা বেঁচে থাকতে থাকতে উত্তরাধিকারের বিষয়ে আলোচনা করা ঠিক নয়। ওটা মুঘলদের সংস্কৃতি। তাই এখনও সময় আসেনি এসব আলোচনা করার।"
প্রসঙ্গত, রবিবার দীর্ঘ ১২ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএসের সদর দফতরে হাজির হন নরেন্দ্র মোদী। সংঘ প্রধান মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ সারেন তিনি। মাধব নেত্রালয় প্রিমিয়াম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে যোগ দিয়ে আরএসএসের ভূয়সী প্রশংসা করেন নরেন্দ্র মোদী। দেশ গঠনে আরএসএসের ভূমিকা উল্লেখ করে মোদী বলেন, ভারতের অমর সংস্কৃতির আধুনিক অক্ষয় বট আরএসএস।












Click it and Unblock the Notifications