Delhi Assembly Poll: নিউ দিল্লি আসনেই লড়বেন কেজরিওয়াল, কালকা জি-তে প্রার্থী আতিশী, চূড়ান্ত তালিকা আপের
Delhi Assembly Polls 2025: দিল্লির বিধানসভা নির্বাচনে নিউ দিল্লি আসন থেকেই লড়ছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী আতিশী মারলেনা লড়বেন কালকাজি আসন থেকে। রবিবার দলের চতুর্থ তথা চূড়ান্ত প্রার্থী তালিকা পেশ করে জানাল আম আদমি পার্টি। এই তালিকায় ৩৮ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
দলের শীর্ষ নেতারা-সহ বর্তমান মন্ত্রীদেরও (Sitting Ministers) টিকিট দেওয়া হয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনে। গ্রেটার কৈলাস আসন থেকে প্রার্থী হয়েছেন মন্ত্রী সৌরভ ভরদ্বাজ। কস্তুর্বা নগরে প্রার্থী করা হয়েছে বিজেপি থেকে সদ্য সপরিবারে আপে যোগ দেওয়া রমেশ পেহেলওয়ানকে।

সেখানে দলের বর্তমান বিধায়ক ছিলেন মদন লাল। এদিকে রবিবার সকালে দলে যোগ দিয়েই বেলায় প্রার্থীতালিকায় নাম রমেশ পেহেলওয়ানের। কাউন্সিলর স্ত্রী কুসুম লতাকে সঙ্গে নিয়ে বিজেপি ছেড়ে আপে যোগ দেন তিনি।
অন্যান্য উল্লেখযোগ্যদের মধ্যে নাম রয়েছে বাবরপুর থেকে গোপাল রাই, রাজেন্দ্রনগর থেকে দুর্গেশ পাঠক, শাকুর বস্তি থেকে প্রার্থী সত্যেন্দ্র কুমার জৈন, সদর বাজার থেকে প্রার্থী সোম দত্ত, বল্লিমারানে ইমরান হুসেন, নাঙ্গলোই জাট আসনে প্রার্থী রঘুবিন্দর সোকিন ও তিলক নগরে প্রার্থী জর্নেল সিং। মালব্যনগরে প্রার্থী সোমনাথ ভারতী ও ওখলা থেকে প্রার্থী করা হয়েছে আমানাতুল্লাহ খানকে।
নাম ঘোষণার পর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। লেখেন, "দিল্লির সব ৭০ আসনে প্রার্থী ঘোষণা করল আম আদমি পার্টি। পূর্ণ আত্মবিশ্বাস ও প্রস্তুতির সঙ্গে দল এই নির্বাচন লড়ছে। বিজেপিকে খালি চোখে দেখা পর্যন্ত যাচ্ছে না। কোনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, সংগঠন, পরিকল্পনা, লক্ষ্য নেই বিজেপির। ওদের একটাই নীতি, তা হল কেজরিওয়ালকে সরানো।"
গত পাঁচ বছরে বিজেপি শুধু কেজরিওয়ালের সমালোচনা করেছে। অন্যদিকে, দিল্লির উন্নয়নের স্বার্থে আম আদমি পার্টির সুপরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। গত ১০ বছরে তাদের কাছে একাধিক উন্নয়নমূলক কাজ শেষের খতিয়ান রয়েছে বলে দাবি কেজরিওয়ালের। "যারা কাজ করে, দিল্লিবাসী তাদেরকেই নির্বাচিত করবেন, যারা গালিগালাজ দেন, তাদের নয়," মন্তব্য কেজরিওয়ালের।
প্রসঙ্গত, ২০২৫ সালের ফেব্রুয়ারির মধ্যে দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সপ্তম দিল্লি বিধানসভার মেয়াদ ফুরোচ্ছে আগামী ১৫ ফেব্রুয়ারি। ৭০ আসনের দিল্লি বিধানসভায় ৬২ জন বিধায়কই আপের। এবারের নির্বাচনেও তাই কংগ্রেসের সঙ্গে জোট না করে একা হাঁটার সিদ্ধান্ত নিয়েছে কেজরিওয়ালের দল। পাল্টা কংগ্রেসও আপের সঙ্গে জোটে যাবে না বলে জানিয়েছে।












Click it and Unblock the Notifications