Vande Bharat Express Train: বন্দে ভারতের ট্র্যাকে রাখা বাইক! ঘটে যেতে পারত বড় বিপদ
Vande Bharat Express Train: একদিকে শালিমারে সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস দুর্ঘটনা ঘিরে ছড়িয়েছে আতঙ্ক। অন্যদিকে, এই ঘটনার আগেই বড়সড় দুর্ঘটনা এড়িয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। উত্তর প্রদেশের প্রয়াগরাজের ঘটনা। বড় দুর্ঘটনা ঘটেনি ঠিকই, তবে আকস্মিক ওই ঘটনায় সঙ্গে সঙ্গে থামিয়ে দিতে হয় ট্রেনটিকে।
উচ্চগতির বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) এমন ঘটনায় বিপদ হতে পারত যাত্রীদের। অভিযোগ, কেউ বা কারা তাঁর বাইক রেখে দেন রেল ট্র্যাকের ওপর। ট্রেনের ইঞ্জিনে আটকে যায় বাইক, হিঁচড়ে নিয়ে যায় বেশ কিছুটা পথ। বাইক যখন টেনে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তার ঝাঁকুনি বেশ বুঝতে পারেন যাত্রীরা।

কোনও ক্রমে বড় দুর্ঘটনা এড়ায় বন্দে ভারত এক্সপ্রেস। শুক্রবার বিকেল ৪টে ২০ মিনিটে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, বন্দে ভারত ট্রেনটি বারানসী থেকে প্রয়াগরাজের দিকে যাচ্ছিল। সেই সময়েই এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ঝাঁসি স্টেশনের কাছে বেশ কয়েকজন যুবক রেললাইন পার হচ্ছিলেন বাইকে চেপে। বন্দে ভারত আসছে দেখে তাঁরা বাইক রেখে পালান বলে অভিযোগ। বাইকের সঙ্গে ধাক্কা লাগায় ট্রেনের যাত্রীরা জোর ঝাঁকুনি অনুভব করেন। একটা অদ্ভুত আওয়াজও শুনতে পারেন তাঁরা।
সঙ্গে সঙ্গে লোকোপাইলট এমার্জেন্সি ব্রেক দেন। ট্রেন থেকে যায়। বিষয়টি জানানো হয় বারানসীর উত্তর-পূর্ব রেলের কন্ট্রোল রুমে জানানো হয় বিষয়টি। ঘটনার পর বেশ কিছুক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আরপিএফ ও জিআরপি ঘটনার তদন্ত শুরু করেছে। কে ওই বাইক রেখে পালিয়েছিলেন, তাঁর খোঁজ চালাচ্ছে আরপিএফ। বাইক চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
বলে রাখা প্রয়োজন, কয়েকদিন আগেই বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। পাথরের ঘায়ে ওই ট্রেনের একটি জানলার কাচ ফেটে যায়। ওই ঘটনায় ২২ বছরের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। এমন ঘটনা অবশ্য নতুন নয়। আগেও একাধিকবার ট্রেনের কাচ লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। প্রত্যেক ঘটনায় একেবারে কড়া পদক্ষেপ করেছে রেল।
শুধু তাই নয়, বন্দে ভারত এবং ট্রেনের যাত্রাপথে নিরাপত্তা আরও আঁটসাঁট করেছে রেলওয়ে। রেল পুলিশ এবং জিআরপিকে হাই অ্যালার্ট করা হয়েছে। কিন্তু এরপরেও একের পর এক পাথর ছোঁড়ার ঘটনা ঘটে। আর তা ক্রমশ চিন্তার কারন হয়ে উঠছে।












Click it and Unblock the Notifications