Assembly Election 2023: মিজোরাম-ছত্তিশগড় ভোটের আগে বড় সিদ্ধান্ত! এক্সিট পোলের ওপরে নিষেধাজ্ঞা কমিশনের
নভেম্বরেই পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। সেই কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, ৭ নভেম্বর সকাল সাতটা থেকে ৩০ নভেম্বর সন্ধে ৬.৩০ টা পর্যন্ত এক্সিট পোল প্রদর্শন কিংবা প্রচার নিষিদ্ধ।
নির্বাচন কমিশনের জারি করা আদেশে বলা হয়েছে, উল্লিখিত ধারার উপ-ধারা(২)-এর বিধানের কথা মাথায় রেখে ৭ নভেম্বর (মঙ্গলবার) ৭ টা থেকে ৩০ নভেম্বর (বৃহস্পতিবার) ২০২৩-এর সন্ধে ৬ টা পর্যন্ত
সময়কালে প্রিন্ট, ইলেকট্রনিক কিংবা ডিজিটাল মিডিয়ার মাাধ্যমে এক্সিট পোল পরিচালনা বা প্রকাশ কিংবা প্রচার সম্পূর্ণ রূপে নিষিদ্ধ থাকবে।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনও ব্যক্তি এই ধারার বিধান লঙ্ঘন করলে তাকে দু-বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।
উল্লেখ করা যেতে পারে মিজোরামের ৪০ টি বিধানসভা আসনের জন্য ৭ নভেম্বর ভোট নেওয়া হচ্ছে। অন্যদিকে ছত্তিশগড়ের ২০ টি আসনের জন্য প্রথম ধাপে ৭ নভেম্বর ভোটগ্রহণ করা হবে। ছত্তিশগড়ের বাকি ৭০ টি আসনের জন্য দ্বিতীয় দফার নির্বাচন হবে ১৭ নভেম্বর।
এর পাশাপাশি ১৭ নভেম্বর মধ্যপ্রদেশ বিধানসভার ভোটগ্রহণ করা হবে। রাজস্থান বিধানসভার ২০০ আসনের জন্য ভোট নেওয়া হবে ২৫ নভেম্বর এবং তেলেঙ্গানা বিধানসভার ভোটগ্রহণ করা হবে ৩০ নভেম্বর। পাঁচ রাজ্যের ভোটগণনা করা হবে ৩ ডিসেম্বর। সব মিলিয়ে পাঁচ রাজ্যে ভোটদাতার সংখ্যা প্রায় ১৬ কোটির মতো।
আগামী বছরের এপ্রিল-মে মাসে লোকসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে এই পাঁচ রাজ্যের নির্বাচনকে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে সেমিফাইনাল হিসেবেও বর্ণনা করেছেন।












Click it and Unblock the Notifications