মহারাষ্ট্রে নতুন বার্তা? পুরসভা ভোটে শারদ পাওয়ারের সঙ্গে জোট অজিতের

মহারাষ্ট্রের রাজনীতিতে চমকপ্রদ মোড়। দীর্ঘদিনের দূরত্ব কাটিয়ে আবার এক মঞ্চে এলেন পাওয়ার পরিবারের দুই প্রভাবশালী মুখ শারদ পাওয়ার ও অজিত পাওয়ার। আসন্ন পিম্পরি চিঞ্চওয়াড় পুরসভা নির্বাচনে একসঙ্গে লড়ার ঘোষণা করে কার্যত 'পরিবারের ঐক্য'র বার্তা দিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার।

রবিবার পিম্পরি চিঞ্চওয়াড়ে এক নির্বাচনী জনসভা থেকে অজিত পাওয়ার জানান, পুরসভা নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করার সময় দুই গোষ্ঠীই একসঙ্গে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে। তাঁর কথায়, "পরিবার আবার এক হয়েছে। নানা প্রশ্ন থাকলেও কখনও কখনও মহারাষ্ট্রের উন্নয়নের স্বার্থেই বড় সিদ্ধান্ত নিতে হয়।" তিনি আরও জানান, আসন বণ্টন নিয়ে স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়েছে ও খুব শীঘ্রই তার বিস্তারিত ঘোষণা করা হবে। রাজনৈতিক প্রতীকের ভাষায় তিনি বলেন, 'ঘড়ি' আর 'তুতারি' দুটিই এবার একসঙ্গে বাজবে।

উল্লেখ্য, আগামী ১৫ জানুয়ারি মহারাষ্ট্রের ২৯টি পুরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে পিম্পরি চিঞ্চওয়াড় ও পুণে পুরসভাও রয়েছে। ভোট গণনা হবে পরের দিন, ১৬ জানুয়ারি। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ ডিসেম্বর।

এদিকে পুণে পুরসভা নির্বাচন নিয়েও দুই পাওয়ার শিবিরের মধ্যে আলোচনা চলছে। তবে পরিস্থিতি কিছুটা জটিল। সূত্রের খবর, দীর্ঘ বৈঠকের পর শনিবার শারদ পাওয়ার নেতৃত্বাধীন এনসিপি (এসপি) ফের মহাবিকাশ আঘাড়ি (এমভিএ) এর সঙ্গে আলোচনায় ফেরার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে অজিত পাওয়ার শিবিরের সঙ্গে সমঝোতা চূড়ান্ত না হওয়ায় সেই আলোচনা ভেঙে যায়। অভিযোগ, অজিত পাওয়ার কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি ও শারদ পাওয়ার গোষ্ঠীর একাধিক গুরুত্বপূর্ণ দাবি মানেননি।

এর ফলে পুণেতে এমভিএ এর অন্দরেও টানাপোড়েন শুরু হয়েছিল। কংগ্রেস ও শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) যৌথভাবে লড়াইয়ের কথাও ভাবতে শুরু করে। তবে এখন এনসিপি (এসপি) আবার এমভিএ তে সক্রিয় হওয়ায় তিন দলের মধ্যে সমন্বয় বৈঠক নতুন করে শুরু হয়েছে।

সব মিলিয়ে, পুরসভা নির্বাচনের মুখে পাওয়ার পরিবারের এই 'পুনর্মিলন' ও জোট রাজনীতি মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+