মদিনার কাছে বাস ও ট্যাঙ্কার ধাক্কায় ৪২ ভারতীয় হাজি নিহত, শোকের ছায়া হায়দরাবাদে
সৌদি আরবের মদিনা লাগোয়া এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ৪২ জন ভারতীয় উমরাহ যাত্রীর। সোমবার একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লেগে মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে যাত্রীবাহী বাসটি। অধিকাংশই ঘটনাস্থলেই প্রাণ হারান।
তেলেঙ্গানার তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডি শ্রীধর বাবুর প্রাথমিক তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে অন্তত ১৬ জন হায়দরাবাদের বাসিন্দা। কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, এরা সকলে মাল্লেপল্লির বাজারঘাট এলাকায় থাকতেন। তবে সঠিক পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।

৯ নভেম্বর হায়দরাবাদ থেকে যাত্রা করেছিলেন পরিবার পরিজনের সাথে।জানা গেছে, গত ৯ নভেম্বর হায়দরাবাদ থেকে সৌদি আরব গিয়েছিলেন তাঁরা। মক্কায় উমরাহ সম্পন্ন করে ফেরার পথে মদিনা অভিমুখে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। যাত্রার ব্যবস্থা করেছিল আল মীনা ও আল.মক্কা ট্রাভেলস, নামপল্লি।
দুর্ঘটনার খবর পেয়ে টুইট করে গভীর শোক জানান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, "ভারতীয় নাগরিকদের জড়িয়ে এমন ভয়াবহ দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক।" রিয়াধে ভারতীয় দূতাবাস ও জেদ্দার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সবরকম সহায়তা দিচ্ছে বলেও জানান তিনি।
জেদ্দায় ২৪ ঘণ্টার হেল্পলাইন
দুর্ঘটনার পর জেদ্দায় ভারতীয় কনস্যুলেট ২৪x৭ নিয়ন্ত্রণকক্ষ চালু করেছে। দূতাবাসের ঘোষণায় জানানো হয়
টোল ফ্রি হেল্পলাইন ৮০০২৪৪০০০৩ নম্বরে ফোন করে পরিবারগুলি তথ্য ও সহায়তা পেতে পারবেন।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি রাজ্যের মুখ্যসচিব কে রামকৃষ্ণ রাও ও ডিপি শিবধর রেড্ডিকে দ্রুততম সময়ে মৃত ও আহতদের সঠিক তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক ও সৌদি প্রশাসনের সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে।
রাজ্যের সচিবালয়ে একটি কন্ট্রোল রুমও খুলেছে, যাতে পরিবারগুলিকে সাহায্য করা যায়। দিল্লিতে রেসিডেন্ট কমিশনার গৌরব উপ্পলকেও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
হায়দরাবাদের সাংসদ ও এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি কেন্দ্রের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন। তিনি রিয়াধের ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন আবু ম্যাথেন জর্জের সঙ্গে কথা বলেছেন। ওয়েইসির বক্তব্য, "আমি বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্করকে অনুরোধ করছি দ্রুত মৃতদেহ ভারতে আনার ব্যবস্থা করুন পাশাপাশি আহত থাকলে তাঁদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করুন।"












Click it and Unblock the Notifications