তৃণমূলের নেতারা ফল খেয়ে গাছের ডালও কাটছেন! পঞ্চায়েত নির্বাচনের আগে ত্বহা সিদ্দিকির নিশানায় অভিষেক
তৃণমূলের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে গেলে কোন পরিস্থিতি তৈরি হবে, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি।
সাগরদিঘির উপনির্বাচনে তৃণমূল হেরেছে। সতর্ক না হলে আরও সাগরদিঘি তৈরির হুঁশিয়ারি দিয়েও ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি মনে করে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মানুষ উন্নয়নের পথই বেছে নেবে। তবে সেই পথে তিনি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভঙিষেক বন্দ্যোপাধ্যায়ের তফাত করেছেন। তৃণমূলের বর্তমান পরিস্থিতির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী কিনা তা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই মুসলিম পীরজাদা।

যিনি লাগিয়েছেন, তিনিই বুঝবেন গাছের দরদ
ত্বহা সিদ্দিকি বলেন, যিনি লাগিয়েছেন, তিনিই বুঝবেন গাছের দরদ। অন্য কেউ তো কেটে বিক্রি করে দেবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় দল তৈরি করছেন, তিনি দলের অবস্থা বুঝতে পারবেন অন্য কেউ নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা পারবেন, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ত্বহা সিদ্দিকি।

সবাই দায়ী করছেন অভিষেককে
ত্বহা সিদ্দিকি বলেছেন, সরকার যে কাজ করেছে, তাতে তাদের আরও ৩০ বছর থাকা উচিত। কিন্তু তৃণমূলের বর্তমান পরিস্থিতির জন্য সাধারণ মানুষ অভিষেককেই দায়ী করছেন বলে এদিন দাবি করেছেন ফুরফুরা শরিফের পীরজাদা। তবে এই মত ফুরফুরা শরিফের নয়, এই মত তাঁর ব্যক্তিগত।

ঘরে বসে রাজনীতি করেন অভিষেক
তিনি যা বলেছেন, তা স্পষ্ট করে বললে দেখা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অভিষেক এলে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘরে বসে রাজনীতি করছেন বলেও অভিযোগ করেছেন তিনি। তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ঘরের দরজায় গিয়ে রাজনীতি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও তেমনই করা উচিত বলেও এদিন মন্তব্য করেছেন ত্বহা।

ফল খাওয়ার পরে গাছের ডাল কাটছেন
ত্বহা সিদ্দিকি বলেছেন, এখন তৃণমূলের সাংসদ, বিধায়ক, সভাধিপতিরা ক্ষমতা পাওয়ার পরে নিজেদের পরিবর্তন করে ফেলেছেন। তাঁরা এমন হয়ে গিয়েছেন, যে তারা ফল খাওয়ার পরে গাছের ডালও কাটছেন। আর সাধারণ মানুষ মনে করছেন, তৃণমূলের লাগাম মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে অন্য কারও হাতে চলে যাচ্ছে।












Click it and Unblock the Notifications