চুঁচুড়ায় এলাকা পরিচ্ছন্ন রাখার দাবিতে BJP-র পোস্টার! পড়তে গিয়ে বাংলা ভুলে যাওয়ার জোগাড়,বিদ্রুপ বিরোধীদের
এলাকার ময়লা আবর্জনা, নর্দমা পরিষ্কার এবং এলাকা সুরক্ষিত করতে সিসি ক্যামেরা লাগানোর দাবি জানিয়ে পোস্টার দেওয়া হয়েছে বিজেপির তরফে। হুগলির চুঁচুড়া বিধানসভার কোদালিয়া ২ নং গ্রাম পঞ্চায়েতের নলডাঙ্গা এলাকার একাধিক জায়গায় লাগানো হয়েছে এই পোস্টার।
এই পোস্টার ঘিরেই শুরু হয়েছে ব্যঙ্গ বিদ্রুপ। বিজেপির তরফে লাগেনো পোস্টার পড়তে গিয়ে দেখা যাচ্ছে, তাতে ব্যবহার অজস্র বানান ভুল। আর সেই ভুল কিনা নজরেই পড়ল না বিজেপি নেতৃত্বের। সাদা কাগজে প্রিন্ট করে তৈরি করা হয়েছে পোস্টারগুলি। পোস্টার এর ওপরে পেন দিয়ে তারিখ লেখা রয়েছে। আর নিচে লেখা রয়েছে বিজেপি নেতাদের নাম।

পোস্টারকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে হাসি ঠাট্টা। কেন্দ্রীয় সরকারের দায়িত্বভার সামলাচ্ছে যে দল, সেই দলের নেতৃত্বের পোস্টারের এই হাল, কটাক্ষ অন্য রাজনৈতিক দলগুলির। এলাকার তৃণমূল নেত্রী নমিতা গোস্বামী বলেন, নর্দমা থেকে আবর্জনা সবই পরিষ্কার হয়। বিজেপি নেতাদের উদ্দেশে তিনি বলেছেন, ওই সব বিষয় নিয়ে না ভেবে আগে বানান পরিষ্কার করে লিখতে, পড়তে শিখুন।
এলাকার সিপিএম নেতা শুভঙ্কর রাহা বলেন, বিষয়টি খুবই হাস্যকর। মানুষের কাছে দাবি জানাতে গিয়ে দলের কর্মীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। রাজনীতি করার জন্য পোস্টার মারার প্রয়োজন নেই, মানুষের পাশে থাকলেই ভালো হয়, বলেছেন তিনি।
এ ব্যাপারে হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখা হচ্ছে। যদিও পোস্টারে দাবি করা বিজেপি নেতা অরুণ বোস, বাপি রায়দের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications