Howrah Municipal Corporation: মমতার নির্দেশই সার! টাকা দিলে তবেই মিলছে জলের লাইন, অভিযোগ হাওড়ায়
Howrah: এতদিন দিব্যি জল পেতেন। অথচ নতুন পাইপ বসার পর থেকেই আর আসছে না জল। উল্টে জলের কানেকশনের বিনিময়ে টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ। পরিশ্রুত জল ঘরে ঘরে পৌঁছে দিতেই নাকি কাজ চলছে ওয়ার্ডে ওয়ার্ডে। তাহলে এমন অবস্থা হল কীকরে? ভেবেই পাচ্ছেন না হাওড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
হাওড়ার বামনগাছির এ রোড এলাকার বাসিন্দা রত্না মণ্ডলের অভিযোগ, নতুনভাবে জলের কানেকশনের জন্য পুরসভার তরফে পাইপ দেবে বলেছিল। কানেকশন নিতে মিস্ত্রি খরচ ২ থেকে আড়াই হাজার টাকা নেওয়া হবে বলা হয়েছিল। ফেরোল টিউব নিজেদের পয়সায় বসাতে হবে বলা হয়েছে। পয়সা দিয়ে জলের কানেকশন নতনুভাবে নিতে রাজি হননি বলে জানান তারা।

এদিকে, ১৬ তারিখ থেকে নতুন পাইপলাইন (New Pipeline) বসার পর থেকেই আর জল আসছে না বলে দাবি রত্নাদেবীর পরিবারের। পাড়ারই দুই বাড়িতে টাকার বিনিময়ে জলের কানেকশন করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
অথচ নতুন পাইপ বসার পর থেকে আগের মতো জল আসছে না ওই এলাকার বেশ কয়েকটি পরিবারের কাছে। কিন্তু এমনটা হওয়ার কথা ছিল না। উপরন্তু, জলের পাইপলাইন বসানোর জন্য যে রাস্তা খোঁড়া হয়েছে, তাও নিজেদের টাকায় মেরামত করতে বলা হয় বলে দাবি বাসিন্দাদের।
অপর এক বাসিন্দা তন্ময় দাসও একই অভিযোগে সরব হন। তিনি বলেন, "কর্পোরেশনের তরফে কোনও কাজ হলে সেই রাস্তা মেরামতের দায়িত্ব তো তাদেরই। অথচ পুরসভা বলছে নিজেদের পয়সা দিয়ে রাস্তা মেরামত করিয়ে নিতে। এটা তো নিয়মের মধ্যে নয়।"
তাঁর আরও অভিযোগ, "পাশাপাশি জলের কানেকশন দেওয়ার জন্য ১ টাকা হোক বা ১০০০ টাকা, তার জন্য পুরসভা রিসিট দেয়। কিন্তু এক্ষেত্রে কোনও রশিদ দেওয়া হচ্ছে না। এথেকেই স্পষ্ট কোথাও কিছু গন্ডগোল রয়েছে।"
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কড়া নির্দেশ সত্ত্বেও জল চুরি পুরোপুরিভাবে রোখা যায়নি। যে জেলায় নবান্নে বসে স্বয়ং মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সেই হাওড়া পুরসভা (Howrah Municipal Corporation) এলাকাতেই অভিযোগের পাহাড়।
ওয়ার্ডে ওয়ার্ডে টাকার বিনিময়ে একই হোল্ডিংয়ে একাধিক জলের সংযোগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। টাকা দিলেই মিলছে জলের নতুন কানেকশন। এই নিয়ে সরব হয়েছেন এলাকার মানুষ। সমস্যার সুরাহা কি আদৌ হবে, তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা।












Click it and Unblock the Notifications