Sunil Chhetri: শ্বশুর না কোচ! কোন সুব্রত বেশি প্রিয়? উত্তর দিলেন সুনীল ছেত্রী
কলকাতায় ক্যাপ্টেন। সফরসূচি যতই সংক্ষিপ্ত হোক। ঐতিহ্যর মোহনবাগান দিবস শুধুই সুনীলময়। উদ্দেশ্য প্রাক্তন কোচ তথা শ্বশুর মশাইয়ের আত্মজীবনী প্রকাশ। ২৯ জুলাইয়ের বিকেলে সুনীলে আচ্ছন্ন থাকল গোটা মোহনবাগান। মঞ্চ জুড়ে সোনালী অতীতের প্রাক্তনী থেকে রাজনীতিবিদদের মহাসমাবেশ। কিন্তু আকর্ষনের কেন্দ্রবিন্দুতে ভারত অধিনায়ক।
ভারত অধিনায়কের আগমনে সরগরম গোষ্ঠপাল সরণি। গত বছর সেপ্টেম্বর মাসে পর আবার কলকাতায় এলেন ক্যাপ্টেন। বিমানবন্দর থেকে সোজা মোহনবাগান মাঠ। বাগান জনতাও ভালোবাসা উজাড় করে দিল কলকাতার জামাইকে । সুব্রত ভট্টাচার্যর কোচিং এ মোহনবাগানে খেলেছিলেন। তারপর বাবলুর কন্যার প্রেমেও পড়েছেন। কোচ থেকে সুব্রত হয়েছেন শ্বশুর।

কোচ নাকি শ্বশুর কোন সুব্রত বেশি প্রিয়? এই প্রশ্নের উত্তরে ভারত অধিনায়কের স্পষ্ট জবাব, 'সুব্রত ভট্টাচার্যের কাছে আমি ফুটবলার হিসেবে ঋণী।কারণ উনি কোচ হিসেবে আমাকে মোহনবাগান দলে প্রথম সুযোগ দিয়েছিলেন। জুনিয়র ফুটবলার হিসেবে সেই সুযোগ না পেলে আমি এই জায়গায় আসতে পারতাম না। ওঁর ম্যাচ রিডিং ক্ষমতা বাকিদের থেকে অনেক আলাদা। তাই আমি কোচ হিসেবে ওঁকে এগিয়ে রাখতে চাই।'
এই ক্লাবে খেলেই ভারতীয় ফুটবলে প্রতিষ্ঠা পেয়েছিলেন। শনিবারের বিকেলে সুনীলও যেন ফিরে গেলেন অতীতের সরণিতে। এই ক্লাব,সবুজ মেরুন জার্সি তাঁকে শিখিয়েছে অনেক কিছু। তাই পুরানো ক্লাবে এসে সুনীলের মুখে শুধুই কৃতজ্ঞতা ও আবেগের বিস্ফোরণ। সুনীলের কথায়, 'আমি দিল্লি থেকে এসেছিলাম, এতকিছু জানতাম না ফুটবল আবেগ উন্মাদনা। এখানে সুখ-দুঃখ সব কিছুর সঙ্গে ফুটবল জড়িয়ে থাকে।'

একইসঙ্গে সুনীল বলেন, 'মোহনবাগানে খেলে কী হয়, জার্সির অনুভূতি কী, দুঃখ পেলে ফুটবল, খুশি হলে ফুটবল, সব ছেড়ে দিয়ে শুধু ফুটবলের জন্য ভাব, এসব কিচ্ছু জানতাম না। একটা লোক আমাকে সব শিখিয়েছিলেন, তিনি হলেন সুব্রত ভট্টাচার্য।ওনার হয়তো অনেক কিছুই ভালো, তবে আমি যেটা বুঝেছি, পরিস্থিতি যাই হোক না কেন, মাঠে নেমে নিজের সেরাটা দাও। আমি কোনওদিন সেটা ভুলব না। '

গোষ্ঠ পাল সরণিতে ভারত অধিনায়কের কনভয় ঢুকতেই শুরু ছেত্রী ছেত্রী স্লোগান। সমর্থকদের এমন ভালোবাসায় আপ্লুত সুনীলও। আবেগে, শ্রদ্ধায় বার বার করজোড়ে প্রমাণ করলেন সমর্থকদের। একইসঙ্গে ক্যাপ্টেন বললেন, 'আপনারা সবাই জয় মোহনবাগান বলছেন, দেখে বোঝা যাচ্ছে, ক্লাবকে কতটা ভালোবাসেন। আমি এই ক্লাবের হয়ে এবং এই ক্লাবের বিরুদ্ধে খেলেছি। অনুভূতিটা খুব ভালো বুঝি।'
ভারতীয় ফুটবল টিমের অধিনায়ক সুনীল ছেত্রীকে দুই প্রধানের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।












Click it and Unblock the Notifications