East Bengal: প্রতিকূলতার সঙ্গে মানিয়ে নেওয়াই চ্যালেঞ্জ, এএফসি ম্যাচের আগে গোপনেই থাকলেন অস্কার
আইএসএলে প্রথম ছয় ম্যাচে হেরে আঁধারে ইস্টবেঙ্গল। হতাশা এবং লজ্জা এখন মিলেমিশে একাকার লাল হলুদে। কিন্তু কঠিন সময় কাটিয়ে উঠতে ইস্টবেঙ্গলের ভরসা এএফসি চ্যালেঞ্জ লিগ। শনিবার প্রথম ম্যাচে লাল হলুদের সামনে ভুটানের পারো এফসি।
এরআগে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে তুর্কমেনিস্তানের অলটিন অসির বিরুদ্ধে ৩-২ গোলে হারে ইস্টবেঙ্গল।দীর্ঘদিন পর আন্তর্জাতিক পর্যায়ের ম্যাচ খেলতে নেমে লড়াই করেও হারতে হয় ইস্টবেঙ্গলকে। এবার এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে নামছে লাল হলুদ ব্রিগেড। দীর্ঘদিন পর আন্তর্জাতিক কোনও টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল।

শুক্রবার ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে অনুপস্থিত থাকলেন হেড কোচ অস্কার ব্রুজো। সূত্রের খবর, এএফসি ম্যাচে থাকার জন্য ফেডারেশনের কাছ থেকে এখনও অনুমতি পাননি লাল হলুদের নতুন কোচ। তাঁর পরিবর্তে সাংবাদিক সম্মেলনে এলেন বিনো জর্জ। তবে লাল হলুদ সূত্রের খবর, শনিবারের ম্যাচে ডাগ আউটে উপস্থিত থাকবেন অস্কার। শুক্রবার সকালে কৃত্রিম ঘাসের মাঠে ঘণ্টাখানেক মহড়া সেরে নেন ক্লেইটন মহেশরা।
বিনো জর্জ কৃত্রিম ঘাসের মাঠ প্রসঙ্গে বলেন, 'আমরা আগে কখনও কৃত্রিম ঘাসের মাঠে খেলিনি। কিন্তু আমাদের কিছু করার নেই, ফলে দ্রুত মাঠের সঙ্গে মানিয়ে নিতে হবে। আমরা সেই মতোই পরিকল্পনা করে এগোচ্ছি। ' প্রতিপক্ষ দল ভুটানের চ্যাম্পিয়ন দল। কিন্তু এই ম্যাচে পারো এফসি পাবে না জাপানি ফুটবলার হুন্ডাকে।
প্রতিপক্ষ দল নিয়ে বিনো জর্জ বলেন, আমরা জানি প্রতিপক্ষ দলে অনেক ভাল ফুটবলার রয়েছে। আমাদের দলেও যথেষ্ট ভালো ফুটবলার আছে। নতুন কোচ ব্রুজ়োর ভাবনাচিন্তার সঙ্গে ফুটবলারেরা দ্রুত মানিয়ে নিচ্ছে।
ইস্টবেঙ্গলের সামনে এফসি চ্যালেঞ্জ লিগের পর পর তিনটি ম্যাচ রয়েছে। এই পর্বে ইস্টবেঙ্গলকে খেলতে হবে বাংলাদেশের বসুন্ধরা কিংস, ভুটানের দল পারো এফসি, লেবাননের দল নেজমে এসসির বিরুদ্ধে। এই টুর্নামেন্টে সবথেকে কঠিন দল লেবাননের ক্লাবটি।নিয়ম অনুযায়ী প্রতিটি গ্রুপের শীর্ষে থাকা দল যাবে নক আউট পর্বে। এছাড়া দক্ষিণ পূর্ব জোন থেকে দ্বিতীয় স্থানে থাকা সেরা দুই দলও যাবে নক আউটে।
এই গ্রুপে সবথেকে শক্ত দল লেবাননের দলটি। ফলে ইস্টবেঙ্গল ২ নম্বরে থাকলেও সুযোগ থাকছে নক আউটে জায়গা করে নেওয়ার। আইএসএলের হতাশাজনক পারফরম্যান্সের পর দীবাপলির সপ্তাহে মশাল জ্বলে উঠে কিনা সেটাই দেখার।












Click it and Unblock the Notifications