Cristiano Ronaldo: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী! প্রাক্তন সতীর্থ শোরগোল ফেললেন বিরাট দাবিতে
Cristiano Ronaldo: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ধর্ম পরিবর্তনে আগ্রহী। আল নাসেরের প্রাক্তন গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহর এমন দাবিতে শোরগোল পড়ে গিয়েছে।
রোনাল্ডোর প্রাক্তন সতীর্থ ওয়ালিদ আবদুল্লাহ আরব টিভিতে দাবি করেছেন, পর্তুগালের তারকা ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী। সৌদি আরবে ধর্মীয় আচার-অনুষ্ঠান, ধর্মাচরণের পদ্ধতিতেই তিনি আকৃষ্ট হয়েছেন।

ওয়ালিদ বলেছেন, রোনাল্ডো সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করতে চান। তাঁর সঙ্গে আমার কথাও হয়েছে। তিনি আগ্রহ দেখিয়েছেন। সে কারণেই গোল করার পরই রোনাল্ডোকে বিশেষ ভঙ্গিমায় দেখা যায়। ইসলাম ধর্মের নানা রীতি-নীতি মেনে চলতে রোনাল্ডো সতীর্থদেরও উৎসাহিত করেন বলে দাবি ওয়ালিদের।
ওয়ালিদ আরও দাবি করেছেন, মুসলিম সতীর্থদের কাছ থেকে ইসলাম ধর্মের ঐতিহ্য সম্পর্কে অনেক খোঁজখবর নিয়ে থাকেন রোনাল্ডো। এমনকী আল নাসেরের অনুশীলন চলাকালীন ইসলামীয় রীতি মেনে যখন প্রার্থনা বা আজান শুরু হয় তখন রোনাল্ডো কোচকে অনুরোধ করেন প্রার্থনা শেষ না হওয়া পর্যন্ত অনুশীলন বন্ধ রাখার জন্য।
এতেই স্থানীয় ধর্মীয় রীতির প্রতি রোনাল্ডোর অপরিসীম শ্রদ্ধা, সম্মানই প্রতিফলিত হয় বলে দাবি ওয়ালিদের। তিনি জানিয়েছেন, রোনাল্ডো সৌদি আরবে পা রাখার পরই সেখানকার সংস্কৃতির সঙ্গে নিজেকে আত্মস্থ করার পরিকল্পনা করেছিলেন।
আবদুল্লাহ ওয়ালিদ বলেন, শুরুর দিকেই আমার সঙ্গে রোনাল্ডোর ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। কারণ, তিনি সৌদি আরবের সংস্কৃতি, ক্লাব বা অন্যান্য বিষয় সম্পর্কে সম্যক অবগত ছিলেন না। তবে অনেক খুঁটিনাটি বিষয় জানতে আমাকে নানাবিধ প্রশ্ন করতেন।
ওয়ালিদের দাবি, রোনাল্ডো রিয়াল মাদ্রিদে থাকাকালীন মেসাট ওজিল, করিম বেঞ্জেমারা তাঁকে ইসলাম ধর্ম নিতে অনুরোধ করেছিলেন। তবে সে পথে হাঁটেননি রোনাল্ডো। যদিও আল নাসেরের হয়ে রোনাল্ডো বিশেষ প্রার্থনার ভঙ্গিমায় গোল সেলিব্রেট করেন। তখন বাকি সতীর্থরা সমবেত স্বরে আল্লাহু আকবর বলছেন, এমন দৃশ্য দেখা গিয়েছে।
রোনাল্ডোর পেশাদারিত্ব, ডেডিকেশনের প্রশংসাও করেছেন ওয়ালিদ। সেই সঙ্গে মানবিক রোনাল্ডো ও তাঁর পুত্র যেভাবে সাধারণের সঙ্গে মিলে যান, তাতেও তাঁরা সৌদির ফুটবলপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে বলে দাবি ওয়ালিদের। তাঁর দাবিতে শোরগোল পড়লেও রোনাল্ডো এখনও ধর্ম পরিবর্তনের বিষয়ে সরকারিভাবে কিছু জানাননি।












Click it and Unblock the Notifications