ইউরো কাপে সাড়া জাগানো ফিনল্যান্ডের মিডফিল্ডারকে নেওয়ার পথে এটিকে মোহনবাগান
ফিনল্যান্ডের মিডফিল্ডারকে নেওয়ার পথে এটিকে মোহনবাগান
আগামী আইএসএল মরসুমের জন্য চলতি ইউরো কাপে সাড়া জাগানো ফিনল্যান্ডের জনি কাউকোকে সই করানোর পথে অনেকটাই এগিয়ে গিয়েছে এটিকে মোহনবাগান। কোনও অঘটন না ঘটলে গত মরসুমে চোটের কারণে অর্ধেক ম্যাচ খেলতে না পারা জাভি হার্নান্দেসের পরিবর্তে ইউরো কাঁপানো সেন্ট্রাল মিডফিল্ডারকে সবুজ-মেরুন জার্সিতে খেলতে দেখা যেতে পারে বলে খবর।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, ইউরো কাপের মধ্যেই জনি কাউকোর এজেন্টের সঙ্গে এটিকে মোহনবাগান কর্তাদের একপ্রস্ত কথা হয়েছে। টুর্নামেন্ট শেষ হলে ওই ফিনল্যান্ড ফুটবলারের সঙ্গে আর একবার কথা হবে বলে খবর। দুই পক্ষের আলোচনায় ইতিবাচক সূত্র বেরোতে চলেছে বলে মনে করা হচ্ছে। আইএসএল রানার্স দলের দেওয়া আর্থিক প্রস্তাবে কাউকোর এজেন্ট প্রাথমিকভাবে রাজি হয়েছেন বলে খবর। অন্য এক সর্বভারতীয় সংবাদমাধ্যম তো ফিনল্যান্ডের ফুটবলারের সঙ্গে সবুজ-মেরুনের চুক্তি হয়ে গিয়েছে বলে জানিয়েও দিয়েছে।
গত মরসুমের দলে খুব বেশি পরিবর্তন ঘটাতে চাইছে না এটিকে মোহনবাগান। এখনও পর্যন্ত কোচ আন্তোনিও লোপেজ হাবাসের পরামর্শ মতো রয় কৃষ্ণ এবং তিরিকে দলে রেখে দিতে সক্ষম হয়েছে সবুজ-মেরুন। মিডফিল্ডার কার্ল ম্যাকহিউ, ফরোয়ার্ড ডেভিড উইলিয়ামস ও এদু গার্সিয়াকে কলকাতার ক্লাব রেখে দিতে চাইছে বলে জানানো হয়েছে। তাঁদের পাশে জনি কাউকোর অন্তর্ভূক্তি দলের শক্তি বাড়াবে বলে মনে করা হচ্ছে। ৩০ বছরের মিডফিল্ডার ফিনল্যান্ডের হয়ে ২৭টি ম্যাচ খেলেছেন। ২০১৮ থেকে ডেনমার্কের এসবার্গ এফবি-র গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তিনি খেলছেন।
তার আগে ইউরো জ্বরে ভোগা শহরকে এক মজাদার ধাঁধা তৈরি করে এ সংক্রান্ত এক আভাস দেয় এটিকে মোহনবাগান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই পোস্ট। যেখানে আইএসএল ক্লাবের তরফে জানানো হয় যে তারা আগামী মরসুমের জন্য ইউরো কাপের থেকে প্রতিভা আমদানি করতে চায়। এই ইস্যুতে সমর্থকদের জহুরি চোখকে কাজে লাগাতে চেয়েছে সবুজ-মেরুন।
মজার ছলে সেই পোস্টে দুর্দান্ত সব নামের উল্লেখ করেন ফুটবল প্রেমীরা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম উল্লেখ করে রসিকতায় নতুন মাত্রা ঢালেন এক এটিকে মোহনবাগান সমর্থক। তখনই একটা সূত্র থেকে দাবি করা হয় ফিনল্যান্ড দলের ইউরো কাপের তারকা জনি কাউকোকে আগামী মরসুমের জন্য কিনতে চলেছে এটিকে মোহনবাগান। সেই মতো সবুজ-মেরুন জার্সি গায়ে বিদেশি তারকার ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তা কতটা সঠিক কিংবা আদৌ তার কোনও ভিত্তি আছে কিনা, তা অবশ্য তখন জানা যায়নি। নিজেদের পোস্টে স্টে টিউনড লিখে সেই জল্পনাকে আরও উসকে দেয় সবুজ-মেরুনই।
Stay Tuned. 📺👀#ATKMohunBagan #JoyMohunBagan #Mariners #IndianFootball pic.twitter.com/zB9Nxb6XKc
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) June 21, 2021
এটিকে-র সঙ্গে সংযুক্ত হয়ে গত মরসুমেক আইএসএল খেলেছিল মোহনবাগান। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে তারা ফাইনাল হেরে গিয়েছিল। যদিও রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, এডু গার্সিয়াদের পারফরম্যান্সে সম্বৃদ্ধ হয়েছিল ভারতীয় ফুটবল। তবে এবার খেতাব ঘরে তুলতে চায় সবুজ-মেরুন। তার জন্য যতটুকু দরকার, তারা করতে রাজি বলেও সঞ্জীব গোয়েঙ্কা, উৎসব পারেখ, দেবাশিস দত্তরা।












Click it and Unblock the Notifications