East Bengal: এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে ভুটানে ইস্টবেঙ্গল, দলের তথ্য ও সূচি রাখুন হাতের মুঠোয়
AFC Challenge League: চলতি আইএসএলে হারের ডাবল হ্যাটট্রিক। হেড কোচ অস্কার ব্রুজো আসার পরেও কলকাতা ডার্বি-সহ দুটি ম্যাচে হার।
এই আবহে ইস্টবেঙ্গল ভুটান পৌঁছে গেল এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে। এই টুর্নামেন্টে ভালো কিছু করে আইএসএলে ঘুরে দাঁড়ানোর প্রয়োজনীয় আত্মবিশ্বাস সঞ্চয় করতে চাইছে লাল হলুদ।

আজ ভুটানের সময় বিকেল ৩টে ১৫ মিনিট নাগাদ পারো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছয় ইস্টবেঙ্গল। সেখান থেকে রওনা হয়ে থিম্পুতে দল পৌঁছয় বিকেল সাড়ে চারটে নাগাদ (ভুটানের সময়)। জানা যাচ্ছে এরপর বিকেলে অনুশীলনও সেরেছে ইস্টবেঙ্গল।
২৬ অক্টোবর পারো এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগ অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল। ২৯ অক্টোবর লাল হলুদের প্রতিপক্ষ বসুন্ধরা কিংস। অস্কার ব্রুজো বাংলাদেশের বসুন্ধরা কিংসের হেড কোচ ছিলেন। ফলে এই দ্বৈরথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নভেম্বরের ১ তারিখ ইস্টবেঙ্গলের সামনে নেজমেহ এফসি।
ইস্টবেঙ্গল যে ২৬ সদস্যের দল নিয়ে এএফসি চ্যালেঞ্জ কাপে গিয়েছে তাতে রয়েছেন তিন গোলকিপার- প্রভসুখন গিল, দেবজিৎ মজুমদার ও আদিত্য পাত্র। ডিফেন্ডারদের মধ্যে রয়েছেন প্রভাত লাকরা, আনোয়ার আলি, লালচুংনুঙ্গা, মহম্মদ রাকিপ, হিজাজি মাহের, নিশু কুমার, গুরসিমরত গিল, হেক্টর ইউস্তে ও মনোতোষ চাকলাদার।
মিডফিল্ডারদের মধ্যে রয়েছেন জিকসন সিং, মাদিহ তালাল, নন্দকুমার সেকর, সাউল ক্রেসপো, শৌভিক চক্রবর্তী, নওরেম মহেশ সিং, নসিব রহমান, শ্যামল বেসরা, পিভি বিষ্ণু ও সায়ন বন্দ্যোপাধ্যায়। আক্রমণভাগে ভরসা দিমিত্রিয়স দিয়ামান্তাকোস, ক্লেটন সিলভা, ডেভিড লালহ্লানসাঙ্গা ও জেসিন টিকে।
এএফসি চ্যালেঞ্জ লিগে ইস্টবেঙ্গলের গ্রুপ পর্বের খেলাগুলি হবে ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে। পারো এফসির বিরুদ্ধে ম্যাচ ভারতীয় সময় বিকেল সাড়ে ৪টে থেকে। বসুন্ধরা কিংস ম্যাচ রাত সাড়ে ৮টা থেকে। নেজমেহ এফসির বিরুদ্ধে খেলা বিকেল সাড়ে ৪টে থেকে।












Click it and Unblock the Notifications