AFC Asian Cup: সামাদকে নিয়ে অস্বস্তি অব্যাহত, উজবেকিস্তানের বিরুদ্ধে জয় পেতে দলে বদলের বার্তা স্টিমাচের
বৃহস্পতিবার এএফসি কাপের দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে ভারত। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মরিয়া ডিফেন্স করেও পরাজয় আটকানো যায়নি। দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে রক্ষণের খোলস থেকে বেরিয়ে এসে আক্রমণের ঝড় তুলতে চাইছে ইগর স্টিমাচের দল। দ্বিতীয় রাউন্ডের আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচ থেকে পয়েন্ট পেতেই হবে সুনীলদের।
নিজেদের দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে চাইছেন সুনীলরা। কাজটা যে মোটেও সহজ হবে না তা ভালোমতোই আন্দাজ করতে ভারতীয় দলের সদস্যরা। ফিফা ক্রমতালিকায় অস্ট্রেলিয়া যেমন ছিল ২৫ নম্বরে, তেমনই উজবেকিস্তানও ভারতের থেকে অনেক এগিয়ে থাকা টিম। ব্লু ব্রিগেডের বর্তমান ক্রমতালিকা ১০২। আর উজবেকিস্তান ৬৮। ফলে ধারে ভারে ভারতের থেকে এগিয়ে উজবেকিস্তান।

পরিসংখ্যান অনুযায়ী দেখলে মুখোমুখি সাক্ষাতে অনেকটাই পিছিয়ে ভারত। এখনও পর্যন্ত দুই দলের মধ্যে খেলা হয়েছে মোট ছয়টি ম্যাচ। যার মধ্যে চারটিতেই জয় লাভ করেছে উজবেকিস্তান। দুটি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ এই প্রতিপক্ষের বিরুদ্ধে কোন জয় নেই ভারতীয় দলের। উজবেকিস্তানকে প্রথম ম্যাচে গোলশূন্যভাবে রুখে দিয়েছিল ৯১ তম স্থানে থাকা সিরিয়া।
সাহাল আব্দুল সামাদের স্থলাভিষিক্ত কে হবেন? সামা এখনও ম্যাচ ফিট নন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দীপক ট্যাংরি সামাদের স্থলাভিষিক্ত হয়েছিলেন যার ফলে ভারতীয় দলে রক্ষণাত্মক দৃঢ়তা বৃ্দ্ধি পেয়েছিল। কিন্তু উজবেকিস্তান ম্যাচে জয় পেতে হলে আক্রমণে লোক বাড়াতে হবে। শুধু ডিফেন্স করল হবে না।
ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ বলেন, 'উজবেকিস্তান ম্যাচে ভারত জয়ের জন্যই খেলবে। তবে সামাদ এখনও ম্যাচ ফিট নন। একইসঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা কয়েকজনের সমস্যা রয়েছে, ফলে এই ম্যাচে প্রথম একাদশে পরিবর্তন হবে।'
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টুর্নামেন্টে ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল।প্রথমার্ধে ভালো খেললেও ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হয়েছিল ইগর স্টিমাচের দলকে। ম্যাচের প্রথম ৪৫ মিনিটে বিশ্বকাপ খেলা দল অস্ট্রেলিয়া, ভারতের বিরুদ্ধে খাতাই খুলতে পারেনি। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচের ছবি বদলে যায়, ২-০ ব্যবধানে ম্যাচ হারতে হয় ভারতকে। ভারত অধিনায়ক সুনীল এই ম্যাচ নিয়ে বলেছেন, 'উজবেকিস্তানও দারুণ কঠিন টিম। তবে উজবেকিস্তান কিন্তু অস্ট্রেলিয়া নয়।'
ভারত এই ম্যাচে ৪-৫-১ ছকে খেলতে পারে। বৃহস্পতিবার ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত আটটায়। আগামীকাল এই ম্যাচ পরিচালনা করবেন চীনের অন্যতম পরিচিত রেফারি ফু মিং। এখন এই ম্যাচের দিকেই তাকিয়ে সকলে।












Click it and Unblock the Notifications