PAK vs WI: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাথা হেঁট পাকিস্তানের, ওয়েস্ট ইন্ডিজের কাছে দেশে টেস্টে হার ৩৪ বছর পর
PAK vs WI: চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। তবে তার আগেই মাথা হেঁট পাকিস্তানের।
দেশের মাটিতে ৩৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্টে হারল পাকিস্তান। এগিয়ে থাকা সিরিজ ড্র রেখেই সন্তুষ্ট থাকতে হলো শান মাসুদ, বাবর আজমদের।

মুলতান টেস্ট শেষ হতে আড়াই দিনও লাগল না। তৃতীয় দিনের প্রথম সেশনে ১ ঘণ্টার সামান্য বেশি সময়ের মধ্যেই যবনিকা পড় সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে। ওয়েস্ট ইন্ডিজ ১২০ রানে জেতায় সিরিজের ফল দাঁড়াল ১-১।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল ৪১.১ ওভারে ১৬৩। নোমান আলি নেন ৬ উইকেট। জবাবে পাকিস্তানের প্রথম ইনিংস গুটিয়ে যায় ৪৭ ওভারে ১৫৪ রানে। জোমেল ওয়ারিকান নেন ৪৩ রানে চার উইকেট।
এরপর গতকাল ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৬৬.১ ওভারে ২৪৪ রানে। অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট ৫২ রান করেন। চারটি করে উইকেট নেন সাজিদ খান ও নোমান আলি। পাকিস্তানের জয়ের লক্ষ্যমাত্রা ছিল ২৫৪ রানের।
যদিও শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে গতকাল দ্বিতীয় দিনের শেষে পাকিস্তানের স্কোর ছিল ২৪ ওভারে ৪ উইকেটে ৭৬। আজ বাকি ৬টি উইকেট তুলতে লাগল ২০ ওভার। পাকিস্তানের দ্বিতীয় ইনিংস শেষ ৪৪ ওভারে ১৩৩ রানে।
দ্বিতীয় ইনিংসে বাবর আজম ৩১ ও মহম্মদ রিজওয়ান ২৫ রান করেন। জোমেল ওয়ারিকান ৪টি মেডেন-সহ ১৬ ওভারে ২৭ রান দিয়ে তুলে নিলেন ৫ উইকেট। কেভিন সিনক্লেয়ার তিনটি ও গুডাকেশ মোতি ২টি উইকেট নেন। ওয়ারিকান প্রথম ইনিংসে ব্য়াট হাতে অপরাজিত ৩৬ রানের ইনিংস খেলেছিলেন। সেই সঙ্গে ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন। পেলেন সিরিজের সেরার পুরস্কারও। ৮৫ রান করার পাশাপাশি ১৯ উইকেট পাওয়ায়।
ওয়েস্ট ইন্ডিজের কাছে মুলতান টেস্টে হারায় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পাকিস্তান রইল শেষে। নয় দলের মধ্যে নবম স্থানে। পার্সেন্টেজ অব পয়েন্টস বা সাফল্যের হার মাত্র ২৭.৯৮ শতাংশ।
ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা আপাতত রয়েছে শীর্ষে। দুইয়ে অস্ট্রেলিয়া। অজিরা দুটি টেস্ট খেলবে শ্রীলঙ্কায়। তিনে রয়েছে ভারত। নিউজিল্যান্ড চারে, শ্রীলঙ্কা পাঁচে। ইংল্যান্ড ছয়ে, বাংলাদেশ সাতে ও ওয়েস্ট ইন্ডিজ শেষ করল নবম স্থানে থেকে।












Click it and Unblock the Notifications