T20 World Cup: লড়াই করেও ব্যর্থ মার্কিন যুক্তরাষ্ট্র, জয় দিয়েই সুপার এইটের সূচনা প্রোটিয়াদের
শুরু হয়ে গেল টি২০ বিশ্বকাপের সুপার ৮ পর্বের লড়াই। প্রথম ম্যাচেই জয় পেল দক্ষিণ আফ্রিকা। আমেরিকার বিরুদ্ধে ১৮ রানে জয় তুলে নিল প্রোটিয়ারা।
টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। ১৭ রানেই ভাঙে তাদের ওপেনিং জুটি। ১১ রানে রেজা হেনড্রিকসকে আউট করেন সৌরভ নেত্রভালকর। এরপর ৯০ রানে পার্টনারশিপ গড়েন কুইন্টন ডি কক এবং মার্করামের জুটি। ৪০ বলে ৭৪ রানের ইনিংস খেলেন ডি কক। তাঁৱ ইনিংসে ছিল ৭টি চার, ৫টি ছক্কা।

নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে প্রোটিয়ারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচেই বড় রান তুলে ছিল ওয়েস্ট ইন্ডিজ। সুপার ৮-র প্রথম ম্যাচেও স্কোর বোর্ডে উঠল বড় রান। মার্কিন বোলারদের মধ্যে সৌরভ ও হরমীত দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন স্টিভেন টেলর এবং আন্দ্রে গুসের জুটি। তবে ৩৩ রানেই পড়ল তাদের প্রথম উইকেট। ১৪ বলে ২৪ রান করে রাবাদার বলে আউট হলেন টেলর। এরপর ব্যর্থ হলেন মার্কিন মিডল অর্ডারের দুই ব্যাটার নীতীশ কুমার(৮) এবং অ্যারন জোন্স(০)। কোরি অ্যান্ডাকসন ১২ এবং সায়ন জাহাঙ্গীর ৩ রানেই সাজঘরে ফিরলেন। ৭৬ রানে ৫ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্র।
তবে লড়াই চালিয়ে যেতে থাকেন গুস, তাঁকে যোগ্য সহায়তা করেন হরমীত সিং। শেষ পর্যন্ত ২২ বলে ৩৮ রান করে আউট হলেন হরমীত। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রান তোলে আমেরিকা। ৪৭ বলে ৮০ রানে অপরাজিত থাকেন গুস। ১৮ রানে জয় পেল প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার হয়ে রাবাদ ৩টি উইকেট নেন।












Click it and Unblock the Notifications