ভারতের টি২০ বিশ্বকাপ সেমিফাইনালে ওঠার পথ কতটা কঠিন? দেখে নেওয়া যাক কোন কোন পথ খোলা রয়েছে
টি২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হার, তারপর জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের দুরন্ত জয় চিন্তা বাড়িয়েছে ভারতের সমর্থকদের। সকলের মনে প্রশ্ন, ভারত কি পারবে খেতাব দখলে রাখার লক্ষ্যে এগিয়ে যাওয়ার পথে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে।
কাল ভারতের সামনে জিম্বাবোয়ে। দেখে নেওয়া যাক, সেমিফাইনালে যেতে ভারতের কী কী দরকার। ভারত এখনও অবধি সুপার এইটে একটিই ম্যাচ খেলেছে। নেট রান রেট (NRR): -৩.৮০। ম্যাচ বাকি জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

ভারত যদি দুটি ম্যাচেই জিতে যায় তাহলে পয়েন্ট হবে চার। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা যদি দুটি ম্যাচেই (ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ের বিরুদ্ধে) জেতে বা দুটি ম্যাচেই হারে, তাহলে ভারতের পথ পরিষ্কার। এমনকী দক্ষিণ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজকে হারায় কিন্তু জিম্বাবোয়ের কাছে হেরে যায়, তবুও নেট রান রেটের সমীকরণ ছাড়াই ভারত শেষ চারে জায়গা করে নিতে পারবে।
তবে, দক্ষিণ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় এবং জিম্বাবোয়েকে হারায়, তবে তিনটি দল-দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত-সবারই পয়েন্ট হবে ৪ । সেক্ষেত্রে নেট রান রেট হবে টাই-ব্রেকার। দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল ব্যবধানে পরাজয় এবং জিম্বাবোয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বড় জয়ের কারণে ভারতের পরিস্থিতি তখন খুব একটা সুবিধাজনক থাকবে না।
ইএসপিএনক্রিকইনফো যে সম্ভাব্য সমীকরণ তুলে ধরেছে তার মধ্যে অন্যতম- ধরা যাক, বৃহস্পতিবার জিম্বাবোয়েকে ভারত ৬০ রানে হারাল (প্রথমে ব্যাট করে ১৮০ রান সংগ্রহ করে)। যদি ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকাকে ৫ রানে হারায় এবং দক্ষিণ আফ্রিকা আবার জিম্বাবোয়েকে যে কোনও ব্যবধানে হারায়, তবে ওয়েস্ট ইন্ডিজকে টপকে সেমিফাইনালে যেতে ভারতকে তাদের বিপক্ষে অন্তত ৬৪ রানে জিততে হবে (উভয় ক্ষেত্রে প্রথমে ব্যাটিং করা দলের সংগ্রহ ১৮০ ধরে)।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪০ রানের বড় ব্যবধানে হারে এবং জিম্বাবোয়েকে মাত্র ১ রানে হারায়, তবে দক্ষিণ আফ্রিকাকে টপকাতে ভারতের প্রয়োজন হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৪ রানের জয়।
যদি ভারত একটি ম্যাচ জেতে এবং একটি হারে সেক্ষেত্রে ভারতের আশা টিকিয়ে রাখতে হলে দক্ষিণ আফ্রিকা অথবা ওয়েস্ট ইন্ডিজের যে কোনও একটি দলকে তাদের তিনটি ম্যাচই জিততে হবে। তখন বাকি দলগুলোর পয়েন্ট সমান হওয়ায় নেট রান রেট সামনে আসবে।
যদি দক্ষিণ আফ্রিকা তিনটি ম্যাচই জেতে এবং ভারত জিম্বাবোয়ের কাছে হেরে ওয়েস্ট ইন্ডিজকে হারায়, তবে দ্বিতীয় সেমিফাইনালিস্ট হওয়ার লড়াই হবে ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও জিম্বাবোয়ের মধ্যে। ভারতের জন্য এই সমীকরণ মেলানো প্রায় অসম্ভব: ভারত যদি জিম্বাবোয়ের কাছে মাত্র ১ রানেও হারে এবং ওয়েস্ট ইন্ডিজ যদি দক্ষিণ আফ্রিকার কাছে ৫০ রানে হারে, তবুও দ্বিতীয় স্থান পেতে ভারতকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অন্তত ৬৭ রানে জিততে হবে।
আবার, ওয়েস্ট ইন্ডিজ যদি ভারত-সহ (১ রানের ব্যবধানে জয়) সব ম্যাচ জেতে এবং দক্ষিণ আফ্রিকা তাদের বাকি দুটি ম্যাচ যথাক্রমে ৫০ ও ২০ রানে হারে, তবে দক্ষিণ আফ্রিকার নেট রান রেট টপকাতে ভারতকে জিম্বাবুয়ের বিপক্ষে অন্তত ৮৪ রানে জিততে হবে।












Click it and Unblock the Notifications