T20 World Cup 2024: ৭৭! টি২০ বিশ্বকাপে লজ্জার নজির শ্রীলঙ্কার, দক্ষিণ আফ্রিকার জয়ে নজর কাড়লেন কারা?
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে লজ্জার নজির গড়ল শ্রীলঙ্কা। সেই সুবাদে নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকা ছিনিয়ে নিল দুরন্ত জয়। নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কা।
১৯.১ ওভারে মাত্র ৭৭ রানে গুটিয়ে যায় ওয়ানিন্দু হাসারঙ্গার দল। টি২০ বিশ্বকাপে তো বটেই, টি২০ আন্তর্জাতিকেও এটিই সর্বনিম্ন স্কোর শ্রীলঙ্কার।

২০১০ সালের টি২০ বিশ্বকাপে ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কা ১৬ ওভারে ৮৭ রানে গুটিয়ে গিয়েছিল। এবার থামল তার চেয়েও কম রানে। টি২০ আন্তর্জাতিকেও শ্রীলঙ্কার এদিনের স্কোর সর্বনিম্ন। এর আগে, ২০১৬ সালে বিশাখাপত্তনমে ভারতের বিরুদ্ধে ১৮ ওভারে ৮২ রানই ছিল শ্রীলঙ্কার সর্বনিম্ন।
উইকেটকিপার কুশল মেন্ডিস ৩০ বলে ১৯, কামিন্দু মেন্ডিস ১৫ বলে ১১ ও অ্যাঞ্জেলো ম্যাথুজ ১৬ বলে ১৬ রানে আউট হন। বাকিরা কেউ দুই অঙ্কের রান পাননি। শূন্য রানে আউট হন চারজন। প্রথম উইকেট পড়েছিল ৩.১ ওভারে ১৩ রানে। ৩১ রানে দ্বিতীয়, ৩২ রানে তৃতীয় ও চতুর্থ উইকেট পড়ে। ১০ ওভারে স্কোর ছিল ৫ উইকেটে ৪০।
এই নিয়ে টি২০ আন্তর্জাতিকে দ্বিতীয়বার চার উইকেট নিলেন আনরিখ নরকিয়া। তিনি ৪ ওভার হাত ঘুরিয়ে ৭ রানের বিনিময়ে চারটি উইকেট পেলেন, যা তাঁর কেরিয়ারের সেরা বোলিং ফিগার। কেশব মহারাজ নবম ওভারে দ্বিতীয় ও তৃতীয় বলে দুটি উইকেট নেন। তিনি ৪ ওভারে ২২ রান দিয়ে পেলেন ২ উইকেট।
অটনিয়েল বার্টম্যান টি২০ বিশ্বকাপে অভিষেকে প্রথম বলেই উইকেট পেলেন। তিনি ৪ ওভারে ১টি মেডেন-সহ ৯ রান দিয়ে একটি শিকার ঝুলিতে পুরলেন, নজর কাড়লেন ২০টি ডট বল দিয়ে। কাগিসো রাবাডা ১টি মেডেন-সহ ৪ ওভারে ২১ রান দিয়ে নেন ২ উইকেট। মার্কো জানসেন ৩.১ ওভারে ১৫ রান দেন, উইকেট পাননি।
দক্ষিণ আফ্রিকা এদিন টি২০-র মেজাজে ব্যাট করতে জিততে পারেনি। ১.৩ ওভারে ১০ রানে প্রথম ও ৪.২ ওভারে ২৩ রানে দ্বিতীয় উইকেট পড়েছিল। প্রথম ৬ এভারে স্কোর ছিল ২ উইকেটে ২৭। ওপেনার রিজা হেন্ডরিক্স ২ বলে ৪ ও অধিনায়ক এইডেন মার্করাম ১৪ বলে ১২ রানে সাজঘরে ফেরেন।
কুইন্টন ডি কক ২৭ বলে ২০ রান করে আউট হন ১০.৫ ওভারে দলের ৫১ রানের মাথায়। ১২.৫ ওভারে ৫৮ রানে চতুর্থ উইকেটের পতন। ট্রিস্টান স্টাবস করেন ২৮ বলে ১৩। ৭৮ রানের টার্গেটে দক্ষিণ আফ্রিকা পৌঁছয় ১৭তম ওভারে। ১৬.২ ওভারে ডেভিড মিলার শ্রীলঙ্কা অধিনায়ক ওয়ানিন্দু হাসারঙ্গার বলে চার মেরে ২২ বল বাকি থাকতে ৬ উইকেটে জয় সুনিশ্চিত করেন।
হেইনরিখ ক্লাসেন ২২ বলে ১৯ ও মিলার ৬ বলে ৬ রানে অপরাজিত থাকেন। হাসারঙ্গা ৩.২ ওভারে ২২ রান দিয়ে নেন ২ উইকেট। নুয়ান তুষারা ৩ ওভারে ১৮ এবং দাসুন শনাকা ১টি মেডেন-সহ ৩ ওভারে ৬ রান দিয়ে ১টি করে উইকেট নেন।












Click it and Unblock the Notifications