T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের শেষেই মেয়াদ ফুরাচ্ছে, ভারতের হেড কোচ হতে ফের আবেদন দ্রাবিড়ের?
T20 World Cup 2024: রবি শাস্ত্রীর পর ভারতের হেড কোচ হয়েছিলেন। চুক্তির মেয়াদ ফুরালেও বিসিসিআইয়ের অনুরোধ মেনে তা আরও কয়েক মাস বাড়াতে রাজি হয়েছিলেন।
চলতি টি২০ বিশ্বকাপের পরই ভারতের হেড কোচ হিসেবে মেয়াদ ফুরাচ্ছে। পরবর্তী কোচ নিয়োগের জন্য বিজ্ঞাপনও দিয়েছে বিসিসিআই। এরই মধ্যে বিরাট সিদ্ধান্ত নিলেন রাহুল দ্রাবিড়।

নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে ৫ জুন আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত। তার আগে এদিনই রাহুল দ্রাবিড় জানিয়ে দিলেন, ভারতের হেড কোচ হিসেবে চলতি বিশ্বকাপই তাঁর শেষ অ্যাসাইনমেন্ট। এমনকী সুযোগ থাকলেও তিনি আর হেড কোচের পদের জন্য আবেদন করেননি।
দ্রাবিড় বলেন, ভারতীয় দলের হেড কোচ হিসেবে এটিই আমার শেষ টুর্নামেন্ট। ভারতীয় দলের যা সূচি আর আমার জীবনের যে জায়গায় এখন রয়েছি তাতে সব দিক ভেবেচিন্তেই এই পদে আর আবেদন না করার সিদ্ধান্ত নিয়েছি। তা যতই দুর্ভাগ্যজনক হোক না কেন।
দ্রাবিড়কে প্রশ্ন করা হয়েছিল, শেষ টুর্নামেন্ট বলে এটি তাঁর কাছে একস্ট্রা স্পেশ্যাল হতে চলেছে কিনা। তার উত্তরেই তিনি জানিয়ে দেন, টি২০ বিশ্বকাপকে গুরুত্ব দিলেও তেমন আলাদাভাবে দেখছেন না। দ্রাবিড়ের কথায়, আমি কাজ ভালোবাসি। জাতীয় দলকে কোচিং করানো উপভোগ করেছি। এই কাজটা সত্যিই স্পেশ্যাল। ভারতীয় দল, দারুণ ক্রিকেটারদের সঙ্গে যেভাবে কাজ করেছেন তাতে তৃপ্তি নিয়েই অব্যাহতি নিতে চলেছেন।
রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে গৌতম গম্ভীরই এগিয়ে। চলতি বছরের আইপিএল খেতাবজয়ী কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গম্ভীর জানিয়েছেন, ভারতীয় দলের কোচিং করানোর চেয়ে বড় সম্মানের কিছু হতেই পারে না। তিনি সেই দায়িত্ব পেতে যে ইচ্ছুক তা স্পষ্ট করে দিয়েছেন গম্ভীর।
অনেক দিন ধরেই জল্পনা চলছে, গম্ভীর ভারতের হেড কোচ হবেন কিনা। বিশেষ করে আইপিএল ফাইনালের পর বোর্ড সচিব জয় শাহর সঙ্গে গম্ভীরের কথাও হয়। সেই দৃশ্য সকলেরই নজর কেড়েছে। ভারতীয় দলে দেশীয় কোচ নিয়োগের পক্ষেও সওয়াল করেছিলেন জয়। দ্রাবিড় যে আর আবেদন করছেন না, তা স্পষ্ট হতেই আরও মসৃণ হয়ে গেল গম্ভীরের পথ।












Click it and Unblock the Notifications