IPL 2025: শিবম দুবে প্রত্যাবর্তনে বিধ্বংসী, হ্যাটট্রিক গোপালের, স্বস্তিতে চেন্নাই সুপার কিংস
IPL 2025: আইপিএলের নিলামের আগে শিবম দুবেকে ধরে রেখেছিল চেন্নাই সুপার কিংস। নিলাম থেকে ৩০ লক্ষ তারা নিয়েছে শ্রেয়স গোপালকে।
এই দুই ক্রিকেটারই দুরন্ত পারফরম্যান্স উপহার দিলেন সৈয়দ মুস্তাক আলির ট্রফিতে। যাতে আশ্বস্ত হতেই পারেন চেন্নাই সুপার কিংসের সমর্থকরা।

শিবম দুবে দলীপ ট্রফিতে খেলার পর চোটের কারণে বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকাতেও যেতে পারেননি। চোট সারিয়ে আজই প্রথম মুম্বইয়ের হয়ে খেললেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। তাতেই জিতে নিলেন ম্যাচের সেরার পুরস্কার।
আজ হায়দরাবাদে সার্ভিসেসকে ৩৯ রানে হারিয়েছে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন মুম্বই। শিবম দুবে পাঁচে নেমে ২টি চার ও ৭টি ছয়ের সাহায্যে ৩৭ বলে ৭১ রানে অপরাজিত থাকেন। সূর্যকুমার যাদব চারে নেমে সাতটি চার ও চারটি ছয়ের সাহায্যে ৪৬ বলে ৭০ রান করেন। মুম্বই তোলে ৪ উইকেটে ১৯২।
ওপেন করতে নেমে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হওয়ার দৌড়ে থাকা অজিঙ্ক রাহানে ১৮ বলে ২২ রান করেন। আইপিএলে ব্রাত্য পৃথ্বী শ ৩ বলে ০ রানে আউট হন। শ্রেয়স আইয়ার তিন নম্বরে নেমে ১৪ বলে ২০ রান করেন। বল হাতে শিবম ৩ ওভারে ২১ রান দিয়ে ১ উইকেট নেন।
এদিন ইন্দোরে, কর্ণাটকের লেগ-স্পিনার শ্রেয়স গোপাল হ্যাটট্রিক-সহ চার উইকেট নিলেন। তবু বরোদার কাছে হার বাঁচাতে পারেনি কর্ণাটক। ৩১ বছরের গোপালকে চেন্নাই সুপার কিংস এবারের আইপিএল থেকে নিয়েছে। আগে তিনি রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদে ছিলেন। চলতি বছর আইপিএলে খেলেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। আইপিএলে ৫২ ম্যাচে তাঁর ৫২টি উইকেট রয়েছে।
কর্ণাটক ৮ উইকেটে ১৬৯ রান তুলেছিল। ৩৪ বলে অপরাজিত ৫৬ অভিনব মনোহরের। ক্রুণাল পাণ্ডিয়া ৩ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নেন। জবাবে খেলতে নেমে ১৮.৫ ওভারে বরোদা ৬ উইকেট খুইয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
একাদশ ওভারের প্রথম তিন বলে শাশ্বত রাওয়াত, হার্দিক ও ক্রুণাল পাণ্ডিয়াকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করে ফেলেন গোপাল। হার্দিক ও তাঁর দাদা তথা বরোদা অধিনায়ক ক্রুণাল- দুজনেই সাজঘরে ফেরেন গোল্ডেন ডাক নিয়ে। গোপাল ৪ ওভারে ১৯ রান দিয়ে চার উইকেট নেন। বিজয়কুমার ভাইশাক ৩.৫ ওভার হাত ঘুরিয়ে ১ উইকেট পেলেও ৪৯ রান দেন।












Click it and Unblock the Notifications