IPL 2024: তুষার ধসে চাপা পড়ল সানরাইজার্স! ঋতুরাজ, মিচেল ও শিবমের ব্য়াটেই তৈরি চেন্নাইয়ের জয়ে ফেরার ভিত
IPL 2024: আইপিএলে ফের জয়ের সরণিতে ফিরল চেন্নাই সুপার কিংস। লখনউ সুপার জায়ান্টসের কাছে অ্যাওয়ে ও হোম ম্যাচে হারার পর আজ চিপকে ঋতুরাজ গায়কোয়াড়রা দাপুটে জয় পেলেন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে।
দু-বার আইপিএলে দলগত সর্বাধিক রানের রেকর্ড ভাঙা সানরাইজার্সের ব্যাটিংয়ে ফের তেজ উধাও। যার জেরে টানা দ্বিতীয় পরাজয় প্যাট কামিন্সের দলের।

টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন সানরাইজার্স অধিনায়ক। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১২ তোলে চেন্নাই সুপার কিংস। আগের ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে শতরানকারী অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় আইপিএল কেরিয়ারের তৃতীয় শতরান থেকে থামলেন ২ রান দূরে। উপর্যুপরি শতরানের এলিট লিস্টেও নাম তোলা হলো না।
১০টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ঋতুরাজ করেন ৫৪ বলে ৯৮। ড্যারিল মিচেল করেন ৩২ বলে ৫২, মেরেছেন সাতটি চার ও একটি ছয়। অজিঙ্ক রাহানে করেন ১২ বলে ৯। শিবম দুবে ১টি চার ও চারটি ছয়ের সাহায্যে ২০ বলে ৩৯ রানে অপরাজিত রইলেন। মহেন্দ্র সিং ধোনি ১টি চারের সাহায্যে ২ বলে ৫ রানে অপরাজিত থাকেন।
ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ৩৮, টি নটরাজন ৪ ওভারে ৪৩ ও জয়দেব উনাদকাট ৪ ওভারে ৩৮ রানের বিনিময়ে ১টি করে উইকেট দখল করেন। নীতীশ কুমার রেড্ডি ১ ওভারে ৮, শাহবাজ আহমেদ ৩ ওভারে ৩৩ ও প্যাট কামিন্স ৪ ওভারে ৪৯ রান দিয়ে কোনও উইকেট পাননি।
জবাবে খেলতে নেমে দ্বিতীয় ওভারের শেষ ২ বলে দুই উইকেট হারিয়েই ব্যাকফুটে চলে যায় সানরাইজার্স হায়দরাবাদ। এরপর কখনও মনে হয়নি তারা এই ম্যাচ জিততে পারে। ট্রাভিস হেড ১৩, অভিষেক শর্মা ১৫, আনমোলপ্রীত সিং ০, এইডেন মার্করাম ৩২, নীতীশ কুমার রেড্ডি ১৫ হেইনরিখ ক্লাসেন ২০, আবদুল সামাদ ১৯, প্যাট কামিন্স ৫, শাহবাজ আহমেদ ৭ রান করেন।
১৮.৫ ওভারে মুস্তাফিজুর রহমানের বলে জয়দেব উনাদকাট (২ বলে ১) আউট হতেই সানরাইজার্স অল আউট হয়ে যায় ১৩৪ রানে। চেন্নাই সুপার কিংসের জয় ৭৮ রানে। হায়দরাবাদে গিয়ে সানরাইজার্সের কাছে হারের মধুর প্রতিশোধ নিতে সক্ষম হলেন ধোনি, ঋতুরাজরা।
তুষার দেশপাণ্ডে ৩ ওভারে ২৭ রান দিয়ে চার উইকেট নেন। মুস্তাফিজুর রহমান ২.৫ ওভারে ১৯ ও মাথিশা পাথিরানা ২ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট দখল করেন। রবীন্দ্র জাদেজা ৪ ওভারে ২২ ও শার্দুল ঠাকুর ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে একটি করে উইকেট পেয়েছেন। এই জয় চেন্নাই সুপার কিংসকে পয়েন্ট তালিকার তিনে তুলে নিয়ে এলো।
চেন্নাই সুপার কিংসের রয়েছে ৯ ম্যাচে ১০ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে চারে সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাইয়ের নেট রান রেট ০.৮১০, সানরাইজার্সের ০.০৭৫। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঁচে থাকা লখনউ সুপার জায়ান্টসের নেট রান রেট ০.০৫৯। ১০ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের পয়েন্টও ১০, তারা রয়েছে ছয়ে, নেট রান রেট মাইনাস (-) ০.২৭৬। ফলে জমে গেল প্লে-অফে ওঠার সমীকরণ।












Click it and Unblock the Notifications