IPL 2024: ইডেনে বিরাট নজিরের সামনে কোহলি! দ্বৈরথের নিরিখে আরসিবির চেয়ে কতটা এগিয়ে কেকেআর?
IPL 2024: চলতি আইপিএলে ফিরতি সাক্ষাতে কাল ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিকেল সাড়ে তিনটেয় ম্যাচ। ফলে প্রবল গরম ও আপেক্ষিক আর্দ্রতা চ্যালেঞ্জিং হতে চলেছে।
গত ২৯ মার্চ চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবিকে সাত উইকেটে হারিয়েছিল আরসিবি। কাল কেকেআর জিতলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে পয়েন্ট তালিকার লাস্ট বয় আরসিবির।

আরসিবি এখনও অবধি সাতটি ম্যাচ খেলে জিতেছে ২টিতে। হারের ডাবল হ্যাটট্রিক ঠেকিয়ে ভেসে থাকার লক্ষ্য নিয়েই নামবে ফাফ দু প্লেসির দল। কালকের ম্যাচ হেরে গেলে বিরাট কোহলিদের হাত থাকবে ৬ ম্যাচ। তার সব কটিতে জিতলেও ১৪ পয়েন্টের বেশি যেতে পারবে না আরসিবি। এই পয়েন্ট প্লে-অফের পক্ষেও যথেষ্ট হবে না।
আইপিএলে এখনও অবধি কেকেআর ও আরসিবির মোট দ্বৈরথ হয়েছে ৩৩টি। এর মধ্যে কেকেআর জিতেছে ১৯টিতে, আরসিবির জয় ১৪টি ম্যাচে। ইডেনে দুই দল খেলেছে ১১টি ম্যাচ। তার মধ্যে সাতটিতে জয় কেকেআরের, আরসিবি জিতেছে ৪টিতে।
২০১৯ সালের ১৯ এপ্রিল শেষবার ইডেনে কেকেআরকে হারিয়েছিল আরসিবি। সেই ম্যাচে বিরাট কোহলি ৫৮ বলে ১০০ রান করেছিলেন, ৯টি চার ও চারটি ছয়ের সাহায্যে। সেটি ছিল কোহলির পঞ্চম আইপিএল শতরান। তারপর গত বছর ইডেনে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে কেকেআর জিতেছিল ৮১ রানে।
দুই দলের শেষ পাঁচটি পারস্পরিক দ্বৈরথেও ৪-১ ব্যবধানে এগিয়ে রয়েছে কেকেআর। ২০২২ সালের পর কেকেআরকে হারাতে পারেনি আরসিবি। বিরাট কোহলির সামনে কাল ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১ হাজার রান পূর্ণ করার হাতছানি রয়েছে।
বিরাট এবার বেঙ্গালুরুতে নাইটদের বিরুদ্ধে ৫৯ বলে ৮৩ রান করে অপরাজিত ছিলেন। ফলে ৩১ ইনিংসে কেকেআরের বিরুদ্ধে তাঁর মোট রান ৯৪৪। দুই দলের ব্যাটারদের মধ্যে তাঁর রানই সর্বাধিক। ৫৬ রান করলেই পূর্ণ করবেন ১ হাজার রান। তাতে প্রথম ব্য়াটার হিসেবে আইপিএলে তিনটি প্রতিপক্ষের বিরুদ্ধে ১ হাজার রান করার নজির গড়বেন তিনি।
The King of Records and Milestones, he rules them all. 👑
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 20, 2024
And he has another in sight!
Virat Kohli is all set to become the first ever to score 1️⃣0️⃣0️⃣0️⃣ runs against 3 different opponents in the IPL.#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 @imvkohli pic.twitter.com/gjNlMyt7zi
চলতি আইপিএলে বিরাট প্রথম ব্যাটার হিসেবে ৪০০ রান পূর্ণ করা থেকে ৩৯ রান দূরে। ৭ ম্যাচে ৩৬১ রান করে কমলা টুপি দখলে রেখেছেন। ১টি শতরান ও ২টি অর্ধশতরান পেয়েছেন। সিএসকে ম্যাচে ২১, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৭৭, কেকেআরের বিরুদ্ধে অপরাজিত ৮৩, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২২, রাজস্থান রয়্যালস ম্যাচে অপরাজিত ১১৩, মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ৩ ও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৪২ রান করেছেন।
দুই দলের মধ্যে দ্বৈরথে সফলতম বোলার সুনীল নারিন। তিনি ১৯ ইনিংসে মোট ২৪ উইকেট পেয়েছেন আরসিবির বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications