IPL 2024: আইপিএল ফাইনালে কেকেআরের বিরুদ্ধে সানরাইজার্সের দুশ্চিন্তা কোন পরিসংখ্যানে? দুই দলে কারা থাকবেন?

IPL 2024 Final: আইপিএল ফাইনালে কাল চেন্নাইয়ের চিপকে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। তুল্যমূল্য দ্বৈরথের অপেক্ষায় ক্রিকেট মহল।

চলতি আইপিএলে দুটি সাক্ষাতেই সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর এই বিষয়টিই ফাইনালের আগে সানরাইজার্স হায়দরাবাদের দুশ্চিন্তা বাড়ানোর পক্ষে যথেষ্ট।

IPL 2024

সানরাইজার্স হায়দরাবাদ যদি কাল চ্যাম্পিয়ন হয় তাহলে মুম্বই ইন্ডিয়ান্সের কীর্তি স্পর্শ করবে। ২০১৭ সালের আইপিএলে রাইজিং পুনে সুপার জায়ান্টের কাছে লিগ পর্বের ২টি এবং প্লে-অফে পরাস্ত হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তারপর ফাইনালে সেই পুনের ফ্র্যাঞ্চাইজিকেই ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রোহিত শর্মার দল।

এবারের আইপিএলে কেকেআরের কাছে ইডেনে লিগ পর্বের ম্যাচে হারের পর প্রথম কোয়ালিফায়ারে পরাস্ত হয় সানরাইজার্স হায়দরাবাদ। তারপর সেই ২০১৭-র মুম্বইয়ের মতোই দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে ফাইনালে কেকেআরের সামনেই সানরাইজার্স।

লিগ পর্ব ও প্লে-অফ ধরলে ০-২ বা ০-৩ ব্যবধানে কোনও মরশুমে পিছিয়ে থেকে একই প্রতিপক্ষের বিরুদ্ধে ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হওয়ার নজির আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ছাড়া আর কারও নেই। ফাইনালের প্রতিপক্ষের বিরুদ্ধে ০-২ বা ০-৩ ব্যবধানে পিছিয়ে থেকে ৬টি ক্ষেত্রে সংশ্লিষ্ট দলকে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। ফলে এই পরিসংখ্যান কামিন্সদের কাছে চিন্তার।

কেকেআর প্রথম কোয়ালিফায়ারের একাদশে পরিবর্তন আনবে না বলেই মনে করা হচ্ছে। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে গতকাল ইমপ্যাক্ট সাব হিসেবে নেমে বাজিমাত করেছিলেন শাহবাজ আহমেদ। তিনি কালকের ম্যাচে প্রথম একাদশে থাকতে পারেন।

কেকেআরের ব্যাটিং লাইন আপে সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা ও রিঙ্কু সিং- চার বাঁহাতি থাকায় দুই বাঁহাতি স্পিনার খেলানোর কৌশল বদলাতে পারে সানরাইজার্স। গতকাল অবশ্য কামিন্সদের জেতানোয় অবদান রেখেছেন পার্ট টাইম বোলাররা। এইডেন মার্করাম পাঁচ ম্যাচ পর গতকাল খেলতে নেমে ব্যর্থ হন। তবুও ফাইনালে তাঁকেই দলে রাখা হতে পারে।

কালকের ম্যাচ লাল মাটির পিচে হবে। ফলে তা ব্যাটিংয়ের পক্ষে সহায়ক হতে পারে। মাঠের মাঝামাঝি পিচ, ফলে দু-দিকের বাউন্ডারিই প্রায় সমান। আজ সন্ধ্যা পৌনে ৬টা নাগাদ বৃষ্টি নামায় কেকেআরের অনুশীলন বাতিল করতে হয়। কাল বৃষ্টির পূর্বাভাস নেই। তাপমাত্রা থাকতে পারে ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা অবশ্য ভালোই থাকবে।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য দল- সুনীল নারিন, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। বোলিংয়ের সময়- বৈভব অরোরা।

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য দল- ট্রাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, নীতীশ কুমার রেড্ডি, আবদুল সামাদ, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স, জয়দেব উনাদকাট, ভুবনেশ্বর কুমার। বোলিংয়ের সময়- টি নটরাজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+