IPL 2024: স্ট্রাইক রেট ইস্যুতে বিরাটের হয়ে ব্যাট ধরলেন এবিডি, সমালোচকদের উদ্দেশে মোক্ষম প্রশ্ন
IPL 2024: বিরাট কোহলিকে আইপিএলে তাঁর ব্যাটিং স্ট্রাইক রেটের জন্য সমালোচনার মুখে পড়তে হচ্ছে। যদিও পরিসংখ্যান বলছে, আইপিএল কেরিয়ারে এখনও অবধি দ্বিতীয় সেরা স্ট্রাইক রেট বজায় রেখেছেন বিরাট।
স্ট্রাইক রেট নিয়ে সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না খোদ বিরাট। এবার তাঁর পাশে পেয়ে গেলেন দীর্ঘদিনের বন্ধু এবি ডি ভিলিয়ার্সকে।

এবি ডি ভিলিয়ার্স তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, বিরাট কোহলিকে অনেকদিন ধরেই তাঁর স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা করা হচ্ছে। যা দেখে আমি বিরক্ত, হতাশও বলতে পারেন। বিরাট ক্রিকেটের ইতিহাসে সেরাদের মধ্যে অন্যতম। আইপিএলেও তিনি অসাধারণ খেলছেন।
আরসিবিতে বেশ কয়েক মরশুম একসঙ্গে কাটিয়েছেন বিরাট ও এবিডি। ব্যাড প্যাচ কাটাতে এবিডি কোহলিকে পরামর্শও দিয়েছেন। দুজনের মধ্যে নিবিড় যোগাযোগ। যে সম্পর্ক নিবিড় করেছে আরসিবিতে কাটানো দীর্ঘ সময়। এবিডির কথায়, আরসিবিতে বিরাটকে নির্দিষ্ট কিছু ভূমিকা পালন করতে হয়। ফলে পরিসংখ্যান নিয়ে যাঁরা বিরাটের সমালোচনা করেন তাঁদের ক্রিকেটীয় জ্ঞান নেই। তাঁদের প্রশ্ন রাখি, আপনারা কটা ম্যাচ খেলেছেন? আইপিএলে কটি শতরান আপনাদের আছে?
বিরাট আইপিএলে নিয়মিত ওপেন করেন। কিন্তু এবিডি মনে করেন তাঁর সেরা জায়গা তিন। এবিডি বলেন, বিরাট সুনির্দিষ্ট পদ্ধতিতে খেলে দলকে জেতাচ্ছেন। বিরাটের একটা ফর্মুলা আছে, তাকে কেন্দ্র করে কোচ বা অধিনায়করা স্ট্র্যাটেজি তৈরি করেন। তবে ব্যক্তিগত আমি আগের মতো এখনও মনে করি, তিন নম্বরই বিরাটের সেরা জায়গা।
ডি ভিলিয়ার্স বলেন, আমি হলে বিরাটকে তিনেই দেখতে চাইতাম। তবে বিরাট নিজে ওপেন করতে ভালোবাসেন, রেকর্ডও উল্লেখযোগ্য। ওপেনার হিসেবেও বিরাট অসাধারণ। কিন্তু আমার মনে হয়, উইল জ্যাকস যদি ফাফ দু প্লেসির সঙ্গে ওপেন করেন, তাহলেও আরসিবি শুরু থেকেই ঝড় তুলতে পারবে।
বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে কেন প্রশ্ন উঠছে সেটা বুঝতে পারছেন না এবিডি। কেন না, পরিসংখ্যান বলছে বিরাটের আইপিএল কেরিয়ারের দ্বিতীয় সেরা স্ট্রাইক রেট রয়েছে এবারই। বিরাটের আইপিএল স্ট্রাইক রেট ১৩১.০২। এবারের আইপিএলে তা ১৪৭.৪৯। ২০১৬ সালের আইপিএলে বিরাটের সেরা স্ট্রাইক রেট ছিল ১৫২.০৩। সেবার ১৬ ম্যাচে তিনি ৯৭৩ রান করেছিলেন। চারটি শতরান-সহ।
টি২০ বিশ্বকাপে বিরাট কোহলি ও রোহিত শর্মা ওপেন করবেন কিনা তা নিয়ে চর্চা রয়েছে। তবে এবিডির মতো অনেকেই মনে করছেন, বিরাট তিনেই নামবেন। টি২০ বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারীও বিরাট। ২০১২ সাল থেকে তিনি টি২০ বিশ্বকাপ খেলছেন। ২৭ ম্যাচে ২৫ ইনিংসে ১১৪১ রান রয়েছে। গড় ৮১.৫০, স্ট্রাইক রেট ১৩১.৩০। ১৪টি হাফ সেঞ্চুরি রয়েছে।












Click it and Unblock the Notifications