Ind vs NZ, ICC CWC 2023: বিরাটের পর শ্রেয়স, বিশ্বকাপ সেমিফাইনালে এই প্রথম জোড়া শতরান ভারতের! কিউয়িদের চাই ৩৯৮
Ind vs NZ, ICC CWC 2023: এক বিরাটে রক্ষা নেই, শ্রেয়স দোসর। যার নিট ফল, অঘটন না ঘটলে আমেদাবাদের ফাইনালের টিকিট রোহিত শর্মার ভারত কনফার্ম করে ফেলছে আজ রাতেই।
বিশ্বকাপ সেমিফাইনালের ইতিহাসে এই প্রথম একই ম্যাচে ভারতের দুই ব্যাটার শতরান করলেন। বিরাট কোহলির পর শ্রেয়স আইয়ার। শুভমান গিল রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন শতরান থেকে ২১ রান দূরে। টস জিতে ব্যাট করতে নেমে ভারত ৫০ ওভারে তুলল ৪ উইকেটে ৩৯৭ রান।

ভারতের হয়ে ১১৩ বলে সর্বাধিক ১১৭ রান করেন বিরাট কোহলি। ৫০তম ওডিআই শতরান করে এদিনই তিনি ভেঙে দিলেন সচিন তেন্ডুলকরের বিশ্বরেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের সংখ্যা বেড়ে হলো ৮০। শ্রেয়স আইয়ার টানা দ্বিতীয় শতরান পেলেন। তিনি ৪টি চার ও ৮টি ছয়ের সাহায্যে ৭০ বহলে ১০৫ রান করেন।
শুভমান গিল রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন ব্যক্তিগত ৭৯ রানে। ৫০তম ওভারের প্রথম বলে সূর্যকুমার যাদব ২ বলে ১ রান করে আউট হওয়ার পর ফের মাঠে নামেন শুভমান। শেষ অবধি তিনি ৮টি চার ও তিনটি ছয় দিয়ে সাজানো ৬৬ বলে ৮০ রান করে অপরাজিত রইলেন। রোহিত শর্মা ২৯ বলে ৪৭ রান করেন। লোকেশ রাহুল ২০ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন।
ওপেনিং জুটিতে ওঠে ৫০ বলে ৭১ রান। এরপর বিরাট ও শুভমান অবিচ্ছেদ্য জুটিতে ৮৬ বলে ৯৩ রান যোগ করেন। বিরাট ও শ্রেয়সের জুটিতে ১২৮ বলে ১৬৩ রান ওঠে। লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ারের জুটিতে ২৯ বলে ৫৪ রান আসে। প্রথম ১০ ওভারে উঠেছিল ১ উইকেটে ৮৪। ১১ থেকে ৪০ ওভারে ওঠে ২০৩ রান, কোনও উইকেট না হারিয়ে।
শেষ ১০ ওভারে ভারত ৩ উইকেট হারালেও ১১০ রান ওঠে। টিম সাউদি ১০ ওভারে ১০০ রান খরচ করে তিন উইকেট নেন। ট্রেন্ট বোল্ট ১০ ওভারে ৮৬ রান খরচ করে পান ১ উইকেট। মিচেল স্যান্টনার ১টি মেডেন-সহ ১০ ওভারে ৫১ রান খরচ করে উইকেট পাননি। লকি ফার্গুসন ৮ ওভারে ৬৫, রাচিন রবীন্দ্র ৭ ওভারে ৬০ ও গ্লেন ফিলিপস ৫ ওভারে ৩৩ রান দিয়েছেন, উইকেট পাননি।












Click it and Unblock the Notifications