Ravichandran Ashwin: অশ্বিন শততম টেস্টে কুম্বলেকে পিছনে ফেলে ছুঁলেন হ্যাডলিকে, এলিট লিস্টে অদূরেই ওয়ার্ন
IND vs ENG: টেস্ট ক্রিকেটে ভারতীয় স্পিনার হিসেবে আরও একটি কীর্তি গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। টেস্টে সবচেয়ে বেশিবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নিরিখে।
অশ্বিন এদিন পিছনে ফেলে দিলেন অনিল কুম্বলেকে। স্পর্শ করলেন স্যর রিচার্ড হ্যাডলিকে। যে ছন্দে অশ্বিন রয়েছেন তাতে শেন ওয়ার্নকে পিছনে ফেলতেও খুব বেশি সময় লাগার কথা নয়।

অশ্বিন কেরিয়ারের শততম টেস্টটি খেলছেন ধরমশালায়। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে প্রথম ৬টি উইকেটের পাঁচটিই তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন। বেন ডাকেট, জ্যাক ক্রলি, অলি পোপ, বেন স্টোকসকে আউট করার পর সাজঘরে ফেরান বেন ফোকসকে।
মধ্যাহ্নভোজের বিরতির পর ফোকসকে বোল্ড করার সঙ্গে সঙ্গেই অশ্বিন অনন্য নজির গড়েন। অশ্বিনই ভারতের প্রথম বোলার যিনি টেস্টে ৩৬ বার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি স্থাপন করলেন। ১৩২ টেস্টে ২৩৬ ইনিংসে অনিল কুম্বলে ৩৫ বার ইনিংসে পাঁচ উইকেট দখল করেছিলেন।
এ ছাড়াও আরও একটি নজির স্পর্শ করলেন অশ্বিন। মুথাইয়া মুরলীধরন, শেন ওয়ার্ন ও অনিল কুম্বলের মতো তিনিও শততম টেস্টে ইনিংসে পাঁচ উইকেট পেলেন বিশ্বের চতুর্থ তথা ভারতের দ্বিতীয় বোলার হিসেবে।
টেস্টে সবচেয়ে বেশি ৬৭ বার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির রয়েছে মুথাইয়া মুরলীধরনের। তিনি ১৩৩টি টেস্ট খেলেছেন, বল করেছেন ২৩০ ইনিংসে। এই রেকর্ড ভাঙা অসম্ভবই বলা চলে। তবে দ্বিতীয় স্থানে উঠে আসতেই পারেন অশ্বিন। শেন ওয়ার্ন ১৪৫ টেস্টে ২৭৩ ইনিংসে ৩৭ বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন।
স্যর রিচার্ড হ্যাডলি ৮৬টি টেস্টের ১৫০ ইনিংসে বল করেছেন। তিনিও টেস্টে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ৩৬ বার। এদিন কিউয়ি কিংবদন্তিকে স্পর্শ করলেন অশ্বিন। আর একবার ইনিংসে পাঁচ উইকেট দখল করলেই তিনি এই এলিট লিস্টের যুগ্ম দ্বিতীয় স্থানে উঠে এসে নাম লেখাবেন ওয়ার্নের পাশেই।
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে এই নিয়ে দ্বিতীয়বার ইনিংসে পাঁচ উইকেট নিলেন অশ্বিন। রাঁচি টেস্টে দ্বিতীয় ইনিংসে তিনি ৫১ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে এদিন পাঁচ উইকেট দখল করলেন অশ্বিন। ইংল্যান্ডের বিরুদ্ধেই তিনি সবচেয়ে বেশি ৮ বার ইনিংসে পাঁচ উইকেট দখল করলেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাতবার, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬ বার করে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচবার, শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনবার ও বাংলাদেশের বিরুদ্ধে একবার অশ্বিন ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন। দেশের মাটিতে এই নিয়ে ২৮ বার তিনি ইনিংসে পাঁচ উইকেট ঝুলিতে পুরলেন। শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ টেস্টে ৩৪ বার এবং ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন ৩২ বার ইনিংসে পাঁচ উইকেট দখল করেছেন।












Click it and Unblock the Notifications