IND vs ENG: ভারতের বিরুদ্ধে ব্য়াট করতে পারবেন রুট? আঙুলের চোট ভাবাচ্ছে ইংল্যান্ডকে
IND vs ENG: ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জয় ছিনিয়ে নিতে ইংল্যান্ডের প্রয়োজন এখনও ৩৩২ রান। হাতে ৯ উইকেট। হাতে দুই দিন, অর্থাৎ কমপক্ষে ১৮০ ওভার। কিন্তু তাতেও স্বস্তি নেই ইংল্যান্ড শিবিরে।
রেকর্ড গড়ে জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে শুরুটা খারাপ করেনি ইংল্যান্ড। কিন্তু বেন ডাকেট আউট হয়ে গিয়েছেন তৃতীয় দিনের খেলা শেষের সামান্য আগে। এরপর নেমেছেন নাইটওয়াচম্যান রেহান আহমেদ। কিন্তু মূল চিন্তা জো রুটকে নিয়েই।

আজ সারাদিনের বেশিরভাগ সময়টা রুটকে ড্রেসিংরুমেই কাটাতে হয়েছে। তৃতীয় দিনের খেলা শুরুর পর দিনের অষ্টম ওভারে ডান হাতের কড়ে আঙুলে চোট পান রুট। জেমস অ্যান্ডারসনের বলে শ্রেয়স আইয়ারের ক্যাচ ধরতে গিয়ে। বল রুটের চেয়ে সামান্য দূরে পড়েছিল। চোট লাগার পর যন্ত্রণাকাতর রুট মাঠ ছাড়েন।
এরপর আর রুট মাঠে নামেননি। ফলে ইংল্যান্ডের বোলিং বিকল্পও কমে যায়। তা সত্ত্বেও টম হার্টলি, রেহান আহমেদরা মিলে ভারতকে ২৫৫ রানে থামিয়ে দিয়েছেন। হার্টলি চারটি, রেহান তিনটি ও শোয়েব বশির ১ উইকেট নেন। জেমস অ্যান্ডারসন নিয়েছেন ২টি। দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ১ উইকেটে ৬৭।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই যে রুটকে ফিল্ডিং করতে নামানো হয়নি, সেটা স্পষ্ট করলেন অ্যান্ডারসন। ইংল্যান্ডের মেডিক্যাল টিম ব্যস্ত ছিল রুটের আঙুলের শুশ্রূষায়, চোটের জায়গায় বরফও দেওয়া হয়েছে। তবে এই প্রতিবেদন লেখা অবধি রুটকে আঙুলের স্ক্যান করতে পাঠানো হয়নি বলে জানা যাচ্ছে।
অ্যান্ডারসনের কথায়, রুটের আঙুলের অবস্থা ভালো নয়। সকালে অনুশীলনে চোট পান। ফের মাঠে চোট লেগেছে। আশা করি, তিনি কাল মাঠে নামতে পারবেন এবং ব্যাট ধরার মতো অবস্থায় থাকবেন। দ্বিতীয় ইনিংসে তিনি যাতে ব্যাট করতে পারেন সেটা নিশ্চিত করতে সব কিছুই করা হচ্ছে। আশা করি, কালকের মধ্যে সব ঠিক হয়ে যাবে।
তবে রুটের চোট নিয়ে যে বেশি ঝুঁকি নেওয়া হবে না সেটাও স্পষ্ট করেছেন অ্যান্ডারসন। চোট যাতে আরও খারাপ অবস্থায় না পৌঁছয় সে ব্যাপারে সতর্ক ইংল্যান্ড শিবির। এমনিতে চার বা পাঁচে ব্যাট করতে নামার ক্ষেত্রে রুটের কোনও বাধা নেই। তবে সবার আগে দেখতে হবে তিনি ব্যাট ধরতে পারছেন কিনা।
রুট না নামতে পারলে তা ইংল্যান্ডের কাছে বড় ধাক্কা হবে। তবে ইতিবাচক মানসিকতা নিয়েই ইংল্যান্ড ৩৯৯ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছতে চাইছে। অ্যান্ডারসন জানিয়েছেন, গতকাল রাতেই হেড কোচ ব্রেন্ডন ম্যাকালাম বার্তা দিয়েছেন, ভারত যদি ৬০০ রানের লিডও পায়, তাহলেও তা তাড়া করতে হবে। সে কারণেই হয়তো অ্যান্ডারসন বলে দিলেন, ১৮০ ওভার হাতে থাকলেও ৬০ থেকে ৭০ ওভারের মধ্যেই বাকি রান তুলে ফেলতে চাইছেন তাঁরা।












Click it and Unblock the Notifications