ICC CWC 2023: রোহিতের ভারত চূর্ণ করল আফগানিস্তানকে, পাকিস্তানকে টপকে দুইয়ে বিরাটরা, নত হলেন নবীনও
ICC CWC 2023: আইসিসি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিল ভারত। আজ দিল্লিতে আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এলো বিশ্বের ১ নম্বর ওডিআই।
রোহিত শর্মা শতরান হাঁকালেন। নিজের শহরে বিরাট কোহলি সম্ভবত শেষবার ৫০ ওভারের বিশ্বকাপের ম্য়াচ খেললেন। তা স্মরণীয় করে রাখলেন দায়িত্বশীল অপরাজিত অর্ধশতরান হাঁকিয়ে।

ভারতের সামনে জয়ের জন্য ২৭৩ রানের টার্গেট ছিল। ভারত সেই লক্ষ্যপূরণ করে ফেলল ৯০ বল বাকি থাকতেই। রোহিত শর্মা বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরানের ৪০ বছরের পুরানো রেকর্ডটি ছিনিয়ে নিলেন কপিল দেবের কাছ থেকে। তিনি ১৬টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ৮৪ বলে ১৩১ রান করেন।
রোহিত ও ঈশান কিষাণের ওপেনিং জুটিতে ১৮.৪ ওভারে ২ উইকেটে ২৭৩ রান ওঠে। ঈশান কিষাণ পাঁচটি চার ও ২টি ছয়ের সাহায্যে ৪৭ বলে ৪৭ রান করেন। বিরাট কোহলি চলতি বিশ্বকাপে দ্বিতীয় অর্ধশতরানটি পূর্ণ করলেন আজ। ভারতকে জিতিয়ে অপরাজিত থাকলেন ৫৬ বলে ৫৫ রান করে। ২৩ বলে ২৫ রানে অপরাজিত থাকেন শ্রেয়স আইয়ার।

রশিদ খান ৮ ওভারে ৫৭ রান দিয়ে ২টি উইকেট পেলেন। এদিন সকলে তাকিয়ে ছিলেন বিরাট কোহলি ও নবীন উল হকের দ্বৈরথের দিকে। নবীন ব্যাট করতে নামার সময় গ্যালারিতে কোহলি-কোহলি গর্জন ওঠে। বিরাট যখন ব্যাট করতে নামছিলেন তখনও অরুণ জেটলি স্টেডিয়াম কোহলির নামে জয়ধ্বনি দিচ্ছিল। বিরাট নামার পর নবীনকে বল করতেও ডাকা হয়।
নবীন উল হক এদিন ৫ ওভারে ৩১ রান দিয়ে কোনও উইকেট পাননি। নবীনের এটিই কেরিয়ারের শেষ ওডিআই বিশ্বকাপ। আইপিএল চলাকালীন বিরাটের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়েছিলেন নবীন। যদিও তারপর যেখানেই গিয়েছেন সেখানেই নবীনকে উদ্দেশ করে বারবার কোহলির নামে জয়ধ্বনি দেওয়া হচ্ছে। যা অব্যাহত ছিল আজও।
Virat Kohli asking the Delhi crowd to stop mocking Naveen Ul Haq.pic.twitter.com/Dq482rPsFU
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 11, 2023
একটা সময় দেখা গিয়েছে বিরাট দর্শকদের দিকে ইশারা করছেন নবীনকে কোনওভাবে কটূক্তি না করার জন্য। এরই মধ্যে ওভার পরিবর্তনের ফাঁকে এদিন বিরাট কোহলির সঙ্গে হাত মেলান নবীন। বিরাটও নবীনকে জডিয়ে ধরেন। হাসিমুখে দুজনকেই কিছু কথা বলতেও দেখা যায়।
আইপিএলের ওই ঘটনা, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ, এ সব ঘটনাকে অতীত করারই প্রয়াস চালালেন নবীন। তাঁর ঔদ্ধত্যও আজ উবে গেল, শেষ অবধি কিংয়ের কাছে নবীনের নত হওয়া উপভোগ করলেন দর্শকরা।
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৫০ ওভারে ৮ উইকেটে ২৭২ রান তুলেছিল। অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি ৮৮ বলে ৮০ ও আজমাতুল্লাহ ওমরজাই ৬৯ বলে ৬২ রান করেন। জসপ্রীত বুমরাহ ১০ ওভারে ৩৯ রান দিয়ে চার উইকেট নেন। হার্দিক পাণ্ডিয়া ২টি এবং শার্দুল ঠাকুর ও কুলদীপ যাদব একটি করে উইকেট দখল করেন।
ম্যাচের সেরা হলেন রোহিত শর্মা। এই জয়ের ফলে ভারত ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এলো। শীর্ষে থাকা নিউজিল্যান্ড এবং তিনে নেমে যাওয়া পাকিস্তানেরও ২ ম্যাচে ৪ পয়েন্ট করে রয়েছে। কিউয়িদের নেট রান রেট ১.৯৫৮, ভারতের ১.৫০০ এবং পাকিস্তানের ০.৯২৭।












Click it and Unblock the Notifications