ICC CWC 2023: ইডেনে দক্ষিণ আফ্রিকা শুরু করল সেমিফাইনালের প্রস্তুতি, অধিনায়ক বাভুমা কি খেলতে পারবেন?
ICC CWC 2023: ইডেনে ভারতের বিরুদ্ধে ৮৩ রানে গুটিয়ে গিয়ে ২৪৩ রানে পরাস্ত হয়েছিল দক্ষিণ আফ্রিকা। এরপর আমেদাবাদে গিয়ে আফগানিস্তানকে হারিয়ে ফের কলকাতায় এসেছে প্রোটিয়া-বাহিনী।
বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। তার আগে আজ ক্রিকেটের নন্দনকাননে অপশনাল প্র্যাকটিসে নেমে পড়ল তেম্বা বাভুমার দল। অধিনায়কের খেলার সম্ভাবনা নিয়ে ধোঁয়াশা অবশ্য পুরোপুরি কাটেনি।

ক্রিকেট সাউথ আফ্রিকার তরফে জানানো হয়েছিল, বাভুমার ফিটনেসের উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে। আজকের অনুশীলনে সকলের নজর ছিল বাভুমার দিকেই। চলতি বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছেন না। তবু তিনি দলের অধিনায়ক। বাভুমা সেমিফাইনালে খেলতে না পারলে অধিনায়কত্ব করবেন এইডেন মার্করাম। ওপেন করবেন রিজা হেন্ডরিক্স।
বাভুমা আফগানিস্তান ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। ফিল্ডিংয়ের সময় ৯ বল পরেই মাঠ ছা়ড়েন। চার ওভার বাইরে থাকার পর ফের ফিল্ডিং করেন। কিন্তু রীতিমতো খোঁড়াচ্ছিলেন। তবে বাইরে বসে থাকলে ওপেন করার ক্ষেত্রে তা অন্তরায় হতো। ব্যাটিং করতে নেমে অবশ্য ২৩ রানের বেশি করতে পারেননি। জানা গিয়েছে, বাভুমাকে এরপর স্ক্যান করতে পাঠানো হয়নি।
আফগানিস্তান ইনিংসের পাঁচ বলের মাথাতেই সেদিন চোট পেয়েছিলেন বাভুমা। এতে তাঁর সেমিফাইনাল খেলা নিয়ে সংশয় তৈরি হয়। কিন্তু আজ যেভাবে বাভুমা প্র্যাকটিস করলেন তা ইতিবাচক। আজ ইডেনে বাভুমার ফিটনেস নিয়ে খবর সংগ্রহে সাংবাদিকরা নেটের কাছাকাছি পৌঁছনোর চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁদের সেখান থেকে সরিয়ে দেন আইসিসির প্রতিনিধি।
বাভুমার ডান পায়ের উরুতে ব্যান্ডেজ বাঁধা ছিল। তবে তাঁকে দৌড়াতে দেখা গিয়েছে। ফিটনেস সংক্রান্ত বিষয়ে নিশ্চিত হয়ে সামনে-পিছনে গতির তারতম্য ঘটিয়ে যেভাবে দৌড়াতে বলা হয় মিনিট ১৫ ধরে তেমন অনুশীলন সারলেন বাভুমা। স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং এক্সপার্ট রেনুশান মুডলি ও ফিজিও সিজউই হাদেবের তত্ত্বাবধানে।
হ্যামস্ট্রিংয়ে চোট। দৌড়ানোর পর যখন বিশ্রাম নিচ্ছিলেন তখন নিতম্বের ডান দিকের অংশে তাঁকে হাল্কা ঘুষি মারতে দেখা যায়। আজই যে পুরোপুরি স্বাচ্ছন্দ্যের সঙ্গে বাভুমা হাঁটতে পেরেছেন তা নয়, তবে তেমন বড় কোনও উদ্বেগের লক্ষণও চোখে পড়েনি। বাভুমা কথাও বলেন মুডলি ও হাদেবের সঙ্গে।
এরপর ড্রেসিংরুমে ফিরে যান। পরে প্যাড পরে ব্যাট করতে নামেন। কিছুক্ষণ উইকেট নিয়ে শ্যাডো প্র্যাকটিস চলে। কোচ রব ওয়াল্টারের সঙ্গে কথাও বলতে দেখা গিয়েছে প্রোটিয়া অধিনায়ককে। একটি নেটে ব্যাট করছিলেন রাসি ভ্যান ডার ডুসেন। পাশের নেটে গিয়ে মিনিট ২০ ব্যাটিং প্র্যাকটিস সারেন বাভুমা। আগ্রাসী শট খেলতেও দেখা গিয়েছে তাঁকে। সেমিফাইনালের আগে বাভুমার ফিটনেস কেমন থাকে সেদিকে সতর্ক নজর রাখছে প্রোটিয়া শিবির।












Click it and Unblock the Notifications