ICC World Cup 2023: শেষ বিশ্বকাপে একটা ম্যাচ! ভাবেননি অশ্বিন, রোহিতের দলের কোন ক্রিকেটারের জন্য এমন অভিজ্ঞতা?
ICC World Cup 2023: বিশ্বকাপে যে একটি ম্যাচ খেলেই সন্তুষ্ট থাকতে হবে, তা আগে ভাবেননি রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে সে কথা জানালেন ভারতের অভিজ্ঞ অফ-স্পিনার।
আন্তর্জাতিক কেরিয়ারে আর বিশ্বকাপ খেলার সম্ভাবনা নেই অশ্বিনের। কোনও ফরম্যাটেই। ফলে শেষ বিশ্বকাপের অভিজ্ঞতা অপ্রত্যাশিত হলেও আক্ষেপ নেই অশ্বিনের। ভারত এবার কাপ জিতলে বিরাট কোহলির সঙ্গে রবিচন্দ্রন অশ্বিন দ্বিতীয়বার বিশ্বকাপজয়ী দলের সদস্য হতে পারতেন।

চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের একাদশে ছিলেন অশ্বিন। কিন্তু তারপর ফাইনাল-সহ যে ১০টি ম্যাচ ভারত খেলেছে তাতে একাদশে ঠাঁই হয়নি অশ্বিনের। ফাইনালে আমেদাবাদের পিচে অশ্বিন অজিদের বিরুদ্ধে কার্যকরী হবেন বলে মনে করছিলেন বিশেষজ্ঞরা। যদিও ভারত একাদশে রদবদলের পথে হাঁটেনি।
অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, ধরমশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁকে খেলানোর পরিকল্পনা ছিল। কিন্তু সব পরিকল্পনা ওলট-পালট করে দিল হার্দিক পাণ্ডিয়ার চোট। অশ্বিনের কথায়, কখনও ভাবিনি চেন্নাইয়েই বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ খেলব। কেন না আমি ভালো ছন্দেই বোলিং করছিলাম।
অশ্বিন বলেন, নিউজিল্যান্ড ম্য়াচে সুযোগ পেতাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হার্দিক চোট পেলেন। হার্দিক দলের এমন একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার যাঁর পরিবর্ত হতে পারেন এমন উপযুক্ত অলরাউন্ডার আমাদের ছিল না। এবারের বিশ্বকাপে ভারত এক্সাইটিং ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে। অনেক আগে থেকে বিশ্বকাপের যাবতীয় পরিকল্পনা সেরে রেখেছিলেন রাহুল ও রোহিত।
বিশ্বকাপ ফাইনালে রোহিতের আগ্রাসী শট খেলতে গিয়ে আউট হওয়ার ধরনের সমালোচনা করেছেন অনেকেই। যদিও অধিনায়কের পাশে দাঁড়িয়ে অশ্বিন বলেন, কীভাবে শতরান করতে হয় তা রোহিতকে শেখানোর প্রয়োজন নেই। ফাইনালে শ্রেয়স আইয়ারের উইকেট দ্রুত হারানোতেই ভারতের ব্য়াটিং যে সমস্যায় পড়ে সেটাই বোঝাতে চেয়েছেন অশ্বিন।
শ্রেয়স যেভাবে শর্ট বলে আউট না হওয়ার প্রত্যয় নিয়ে কঠোর অনুশীলন করেছেন তারও প্রশংসা করেছেন ভারতের নির্ভরযোগ্য স্পিনার। শ্রেয়সের শর্ট বল খেলার দক্ষতা নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন, তাঁদের অশ্বিনের বার্তা, এটা ঠিক কয়েকবার শর্ট বলে আউট হয়েছেন। একইসঙ্গে খেয়াল রাখুন কতগুলি বলে তিনি চার-ছক্কা হাঁকিয়েছেন। ফাইনালে শ্রেয়সের ব্যর্থতা ভারতের হারের অন্যতম দুর্ভাগ্যজনক ফ্যাক্টর বলে দাবি অশ্বিনের।
উল্লেখ্য, চেন্নাইয়ে অজিদের বিরুদ্ধে অশ্বিন ১০ ওভার হাত ঘোরান, যার ১টি মেডেন ওভার। ৩৪ রান খরচ করে তিনি তুলে নিয়েছিলেন ১ উইকেট। ক্যামেরন গ্রিনকে সাজঘরে ফেরান অশ্বিন। গত বছর টি ২০ বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে পরাজয়ের পর অশ্বিনকে ভারতের টি ২০ দলে দেখা যায়নি। আগামী বছর বিশ্বকাপেও যে কোনও আশা নেই তাঁর খেলার, শেষ বিশ্বকাপ কথার মাধ্যমে তা বুঝিয়ে দেন অশ্বিন।












Click it and Unblock the Notifications