Gautam Gambhir: কেকেআর ভক্তদের ভিডিও বার্তা গম্ভীরের, ছাব্বিশের টি২০ বিশ্বকাপ অবধি অধিনায়ক চাইছেন কাকে?
Gautam Gambhir: গৌতম গম্ভীর সম্প্রতি কলকাতায় এসেছিলেন। ইডেনে ব্যস্ত ছিলেন শ্যুটিংয়ের কাজে। নিজের টিম নিয়ে। কেকেআর ভক্তদের জন্য তৈরি বিশেষ সেই ভিডিও আজ পোস্ট করলেন গম্ভীর।
তার আগে অবশ্য তিনি এবং নির্বাচক প্রধান অজিত আগরকর কথা বললেন হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে। যে আলোচনায় উঠে এলো চমকপ্রদ তথ্য।

সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, গৌতম গম্ভীর ভারতের টি২০ অধিনায়ক হিসেবে হার্দিক পাণ্ডিয়াকে নয়, চাইছেন সূর্যকুমার যাদবকে। তাও আবার ২০২৬ সালের টি২০ বিশ্বকাপ অবধি। নিজের ভাবনা আগরকরকে সঙ্গে নিয়েই গম্ভীর হার্দিককে জানিয়েছেন বলে সূত্রের খবর।
লম্বা সময়ের জন্য অধিনায়ক নিয়োগের পিছনে কোন কোন যুক্তি রয়েছে তা তুলে ধরা হয়েছে হার্দিকের কাছে। সূর্যকুমার যাদব গত বছর ভারতীয় দলকে দক্ষিণ আফ্রিকায় নেতৃত্ব দেন। সিরিজের সেরাও হয়েছিলেন। তবে হার্দিক পাণ্ডিয়ার ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই।
এদিকে, শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের দল ঘোষণার আগে গম্ভীর ইনস্টাগ্রামে কেকেআরের ভক্তদের জন্য বিশেষ বার্তা দিয়ে তাঁর নতুন সফরে পাশে থাকার আহ্বান জানিয়েছেন। কলকাতা, কেকেআর তাঁর হৃদয়ের কতটা কাছাকাছি তা তুলে ধরতে গম্ভীর তাঁর বার্তায় বলেছেন-
"তোমাদের খুশিতে আমার খুশি। তোমাদের দুঃখে আমার দুঃখ। তোমাদের জয়ে আমার জিত, তোমাদের হারে আমার হার। আমরা একসাথে এক স্বপ্ন দেখি। আমরা একসাথে অর্জন করি। আমাদের বিশ্বাস এক এবং আমরা তা একসাথে বাস্তবায়িত করি। আমি তুমি কলকাতা। আমি তোমাদেরই একজন।
তোমাদের সংগ্রামের কথা আমি জানি। তোমাদের যন্ত্রণা আমার পরিচিত। প্রত্যাখ্যান আমাকে দমিয়ে দিয়েছে। কিন্তু তোমাদের মতোই নতুন ভোরের আলো দেখেছি নতুন আশা নিয়ে। আমি প্রতিনিয়ত হেরেছি, কিন্তু তোমাদের মতোই আমি এখনও অপরাজিত।
আমায় জনপ্রিয় হতে বলা হয়, আমি জয়ী হতে বলি। আমি তুমি কলকাতা, আমি তোমাদেরই একজন। কলকাতার এই বাতাস আমার সঙ্গে কথা বলে। এই শহরের শব্দ, রাস্তা, আড্ডা, ট্রাফিক জ্যাম তোমাদের অনুভূতি জ্ঞাপন করে। আমি শুনি তোমরা কী বলছো। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ, আমি জানি সেই কথার মর্ম।
আমরা দুজনেই আবেগপূর্ণ। আমরা দুজনেই দাবিসম্পন্ন। কলকাতা, তুমি আমি এক সুতোয় বাঁধা। আমরা একটা গল্প, একটাই দল। আবার সময় এসে গিয়েছে যখন আমাদের এক দল হয়ে নতুন পরম্পরা রচনা করতে হবে। সময় এসেছে আরও বড় ও সাহসী লিপি লিখতে হবে।
সেই লিপি যা আর বেগুনি কালিতে নয়, বরং সেই নীল রঙের। সেই মহামূল্য ভারতীয় নীল। আমাদের নতুন এই দায়িত্বে চলো আমরা একসাথে কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে চলার প্রতিজ্ঞাবদ্ধ হই এইবার এই তেরঙার জন্য, এইবার ভারতের জন্য।"












Click it and Unblock the Notifications