পাকিস্তানকে হেলায় হারিয়ে সিরিজ ২-০ এগিয়ে গেল স্টোকসের ইংল্যান্ড
লর্ডসে দ্বিতীয় একদিনের ম্যাচে পাকিস্তানকে ৫২ রানে হারিয়ে দিল বেন স্টোকসের ইংল্যান্ড। এর ফলে তিন ম্যাচের সিরিজের আপাতত ফলাফল ২-০। টসে জিতে পাকিস্তান অধিনায়ক বাবর আজম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। বৃষ্টিতে কিছুটা সময় নষ্ট হওয়ায় ম্যাচ কমে হয় ৪৭ ওভারের। ইংল্যান্ড ৪৫.২ ওভারে ২৪৭ রানে অলআউট হয়ে যায়।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান মাত্র ৪১ ওভারে ১৯৫ রানে অল আউট হয়ে যায়। একমাত্র সউদ শাকিল ৫৬ রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। শেষদিকে হাসান আলি ১৭ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তবে ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। শেষ অবধি দুশোর আগেই থেমে যায় পাকিস্তানের ইনিংস।
ইংল্যান্ডের হয়ে লিউয়িস গ্রেগরি ৩টি, পার্কিনসন, মাহমুদ ও ওভার্টন ২টি করে উইকেট পেয়েছেন। ১টি উইকেট পান ব্রাইডন কার্স।
আগামী মঙ্গলবার এজবাস্টনে দিন রাতের শেষ ম্যাচ খেলে সিরিজের সমাপ্তি ঘটবে। এখন দেখার ইংল্যান্ড পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারে কিনা।
সিরিজ শুরুর দুইদিন আগে ইংল্যান্ড খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ মিলিয়ে ১৪ জন করোনা আক্রান্ত হন। বেন স্টোকসের নেতৃত্বে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামে আনকোরা খেলোয়াড়েরা। তাঁরাই পরপর দুই ম্যাচে বাবর আজমদের ঘোল খাইয়ে দিয়ে সিরিজ পকেটে পুরে নিলেন।












Click it and Unblock the Notifications